গণশৌচাগার সংকটে, ভোগান্তি ও বিড়ম্বনা

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২৩:২৫

সুনামগঞ্জ পৌর শহরে কেনাকাটা, চিকিৎসা, দাপ্তরিক কাজসহ নানা প্রয়োজনে প্রতিদিন আসেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে রয়েছেন কর্মজীবী নারী—পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। কিন্তু শহরে পর্যাপ্ত ও ব্যবহার উপযোগী পাবলিক টয়লেটের অভাবে জরুরি প্রয়োজনে ভোগান্তিতে পড়তে হয় তাদের। বিশেষ করে নারীদের এই ভোগান্তি আরও বেশি। পৌর বিপণিতে থাকা টয়লেটের পরিবেশ নিয়েও রয়েছে পরিচ্ছন্নতা ও ব্যবহার উপযোগিতা সম্পর্কে নানা অসঙ্গতি। এ কারণে জরুরি প্রয়োজনে টয়লেট ব্যবহার করতে গিয়ে অনেককেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। 

 


পৌর বিপণি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে জনসাধারণের সমাগম বেশি। এখানকার পাবলিক টয়লেটটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এদিকে শহরে পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় নারীদের পাশাপাশি বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থ মানুষেরও ভোগান্তি পোহাতে হয়। পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেটের অভাবে জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ এবং বিদ্যমান টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


পৌর বিপণিতে দর্জির কাজ করেন মতিউর রহমান। তিনি বলেন, আট থেকে নয় বছর ধরে পৌর মার্কেটের টয়লেটটি খুবই বাজে অবস্থায় আছে। আমরা নামাজ পড়ি।  এই টয়লেটে আসতে পারি না। কারণ, এই টয়লেটে এসে মসজিদে নামাজে যাবার পড়ার পরিবেশ থাকে না। বসে প্রশ্রাব করার জন্য সুব্যবস্থা নাই। পানি ব্যবহার করা যায় না। আমরা একেবারে বিপদে পড়ে এই টয়লেটে আসি। পৌর বিপণি হচ্ছে শহরের প্রাণকেন্দ্রে সুন্দর একটি মার্কেট। অথচ টয়লেটের কোনো পরিবেশ নেই।  এখানে এলে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। নোংরা পরিবেশ এবং দুর্গন্ধে ঠিকা দায়। তিনি দ্রুত এই টয়লেটটি মেরামত করে দেবার দাবি জানান। 

 


টয়লেটের পাশেই সেলুনের ব্যবসা করেন শ্যামল। তিনি বলেন, টয়লেটের পাশেই সেলুন আছে আমার। এই টয়লেটের নোংরা পরিবেশ এবং দুর্গন্ধের কারণে ভদ্রলোক আমার সেলুনে আসতে চায় না। আশপাশের দোকানগুলোতেও মানুষ আসতে চায় না। আমাদের ব্যবসায় সমস্যা হচ্ছে।  এটি দ্রুত মেরামত করা দরকার।

 


সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, শহরে পাবলিক টয়লেট আছে। শহরের ওয়েজখালি এলাকায় ১ টি, পৌর মার্কেটে ১ টি এবং ১ টি পুরাতন বাস স্টেশন এলাকায়।  কিন্তু পাবলিক টয়লেটগুলো জনগণের সচেতনতার অভাবে বাজেভাবে ব্যবহার করায় ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আমরা আগামীতে শহরের জামাইপাড়া এবং চাঁদনী ঘাটে দুইটি পাবলিক টয়লেট নির্মাণ করে দেব। তবে এই বিষয়ে জনগণকে সচেতন হতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার