প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৪৪
জগন্নাথপুর উপজেলা সদরে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে জগন্নাথপুর বাজারের বনিক মার্কেটে ‘মা জুয়েলার্স’ নামক দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিন যুবক মার্কেটের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মা জুয়েলারী দোকানের আরেকটি কলাপসিবল গেটের তালা ভেঙে একজন দোকানে ঢুকে সোনা—রূপা ও জুয়েলারী মালামাল দুটি ব্যাগে ভরে নিয়ে যায়।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, মার্কেটের নিজস্ব পাহারাদার নিয়োজিত রয়েছে। ঘটনার রাতে সে তার দায়িত্ব পালন করে ভোরের দিকে ঘুমাতে চলে যান। এরপরই চুরির ঘটনা ঘটেছে। তাদের ধারনা ভোর সাড়ে ৫ থেকে ৬ টার মধ্যেই এই চুরি সংঘটিত হয়েছে।
মা জুয়েলার্স—এর স্বত্ত্বাধিকারী পার্থ বনিক জানান, সকালের দিকে চুরির খবর পেয়ে এসে দেখি, গেইটের তালা ভেঙে দোকানে ঢুকে স্বর্ণ ও রুপাসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা মালামাল চোরেরা নিয়ে গেছে।
জগন্নাথপুর থানার উপ—পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় থানায় এখনও কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন