ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োগ ১২৭ তথ্য সংগ্রহকারী, ১৩ সুপারভাইজার

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২২:৪৮

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে ছাতক উপজেলাতেও তথ্য সংগ্রহের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হওয়ার কথা রয়েছে।

 


সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে মনোনীত উপজেলাগুলোকে নিয়ে ভাচ্যুর্য়ালি আয়োজিত অবহিতকরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। প্রথম দিনে দেশের ৭৯১টি স্থানে একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

 


এর অংশ হিসেবে ছাতক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভাচ্যুর্য়ালি অনুষ্ঠানে যুক্ত হয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা—কর্মচারী।

 


অনুষ্ঠানে সরকারের নির্দেশনা তুলে ধরেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান। তিনি জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ছাতক উপজেলায় তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য ও ডেটাবেজ সংগ্রহ শুরু করবেন তথ্য সংগ্রহকারীরা।

 


সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীপ্রধান ও যোগ্য পরিবারগুলোকে মাসিক নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এদিকে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার