প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২৩:১৪
নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনের ডাক
শাল্লা উপজেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম, অর্থ বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ—সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এসব নিয়োগ বাতিল এবং সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘সচেতন নাগরিক’—এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হবে।
মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়েছে, অর্থ বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ—সংশ্লিষ্ট ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা রাজনৈতিক প্রভাবের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল করতে হবে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ও পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রাখারও দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বক্তব্য দিতে রাজি হননি। সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, মানববন্ধন করে করুক। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
অন্যদিকে, সার—বীজ মনিটরিং কমিটির সভাপতি ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা কাউকে সুপারিশ করে পাঠাইনি। আমরা তদন্ত করে যা পেয়েছি, তাই জেলায় পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন