এলপিজির বাড়তি দাম আদায়ে নিয়মিত অভিযান, ভোক্তাদের অভিযোগের আহ্বান

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ২৩:২৯

এলপিজি গ্যাসের বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, বাজারে অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে জানালেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এসব বিষয় নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

দৈনিক সুনামগঞ্জের খবর: এলপিজির বাজারে বর্তমান অস্থিরতার প্রধান কারণ কী বলে মনে করেন?
সাকিবুর রহমান: বাজার তদারকিতে গিয়ে দেখা গেছে, কিছু ডিলার নির্ধারিত দামে গ্যাস বিক্রির ভাউচার দেখালেও খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রির ঘটনা রয়েছে। কোথাও পরিবহন খরচের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ভাউচার দেওয়ার প্রবণতাও কম। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক সুনামগঞ্জের খবর: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়?
সাকিবুর রহমান: মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা ও সতর্ক করা হচ্ছে। তবে কোথাও অতিরিক্ত দাম নেওয়া হলে ভোক্তাদের অভিযোগ জানানো প্রয়োজন। অভিযোগ পেলে সরেজমিনে যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সুনামগঞ্জের খবর: ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর দাবি ও ভোক্তার স্বার্থের মধ্যে ভারসাম্য কীভাবে নিশ্চিত করা সম্ভব?
সাকিবুর রহমান: এলপিজির দাম নির্ধারণ নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দিক বিবেচনা করে দাম নির্ধারণ করে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নীতিনির্ধারকদের।

দৈনিক সুনামগঞ্জের খবর: এলপিজির বাজারে সিন্ডিকেট বা যোগসাজশের অভিযোগ পাওয়া গেলে প্রশাসন কীভাবে ব্যবস্থা নেবে?
সাকিবুর রহমান: ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। এরপরও কেউ বেশি দামে বিক্রি করলে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অনিয়ম রোধে তদারকি অব্যাহত রয়েছে।

দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জে গ্যাসের দোকানগুলোতে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিকল্পনা আছে কি?
সাকিবুর রহমান: নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি) অভিযান পরিচালনা করছেন। বাজারে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক সুনামগঞ্জের খবর: সাধারণ মানুষ অতিরিক্ত দাম আদায়ের শিকার হলে কোথায় অভিযোগ করবেন এবং কীভাবে প্রতিকার পাবেন?
সাকিবুর রহমান: ভোক্তারা জেলা প্রশাসকের কার্যালয় অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করতে পারবেন। লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া যায়, যার বিপরীতে— গ্রহণের রসিদ দেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর সরেজমিনে তদন্ত করে দেখা হবে, নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হয়েছে কি না। শুধু অভিযোগের ভিত্তিতে নয়, প্রমাণ যাচাই করেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। জনস্বার্থে যে কেউ অভিযোগ করতে পারবেন।

এলপিজির বাজারে অনিয়ম রোধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভোক্তারা অতিরিক্ত দাম আদায়ের শিকার হলে নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার