প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১১:০০
সংগৃহীত ছবি
দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেট খেলেছেন তিনি। নিয়েছেন প্রশিক্ষণও।
৩৩ বছর বয়সী জাহানারা দেশের ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলতে চান তিনি। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন জাহানারা।
২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিসিবির নারী বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে গ্রুপিংয়ের অভিযোগ করেছিলেন।
এ নিয়ে বিসিবিকে ১৩ পৃষ্ঠার চিঠি দিয়েছিলেন এই অভিজ্ঞ পেসার। জাতীয় দল থেকে এখনো অবসরের ঘোষণা দেননি জাহানারা। এবার ফেরার আগ্রহের কথা জানালেন।
বিসিবির নারী উইং প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই দরজা খোলা। তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে যোগ্যতা ও ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি ২০ খেলেছেন জাহানারা। এর মধ্যে সাতটি টি ২০ ও দুটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি।
সূত্র: যুগান্তর .কম
খেলাধুলা থেকে আরো পড়ুন