ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ বাংলাদেশি ও মানব পাচারকারী আটক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ০৯:২১

দোয়ারাবাজার সীমান্ত

দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া নামক স্থান থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর বাঁশতলা বিওপির টহল দল তাদের আটক করে।
আটক মানব পাচারকারীর নাম মো. আমির (২২)। তিনি দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে। আটক দুই বাংলাদেশি নাগরিক হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মানব পাচারকারী মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন। তারা হলো— দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিন (৫৪)।
বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক মানব পাচারকারী মো. আমির এবং দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার