৯ম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৬:১৩

উপজেলার শিক্ষানুরাগী তরুণদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর’ (পুসাব)—এর উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৯ম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা—২০২৬’। পরীক্ষাটি সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত উপায়ে সম্পন্ন করতে সংগঠনটির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ও সময়ভিত্তিক রোডম্যাপ।

 

 


আয়োজক সূত্র জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি অনুরাগ বৃদ্ধি এবং মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে পুসাব প্রতি বছর এই বৃত্তির আয়োজন করে আসছে।

 

 


চলতি বছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবণ্টন নির্ধারণ করা হয়েছে— বাংলা (১ম ও ২য় পত্র) ২৫, ইংরেজি (১ম ও ২য় পত্র) ২৫, সাধারণ গণিত ২৫ এবং সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান মিলিয়ে ২৫ নম্বর।

 

 


ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনলাইন ও অফলাইনের জন্য নিবন্ধন ফর্ম চূড়ান্তকরণ ও মুদ্রণ করা হবে। ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার—প্রচারণা ও শিক্ষার্থীদের মাঝে ফর্ম বিতরণ করা হবে। ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন নিশ্চিত করা হবে।

 


সংগৃহীত ফর্ম যাচাই—বাছাই শেষে ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রোল নম্বর প্রদানসহ শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হবে। ২৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।


পরীক্ষা শেষে ২৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে মূল্যায়ন কাজ সম্পন্ন করে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭—এর মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেধা বৃত্তি ও সনদ প্রদান করা হবে।

 


সংগঠনের সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবুল হাসনাত জানান, বিশ্বম্ভরপুরের মেধাবী সন্তানদের সঠিক মূল্যায়ন ও সার্বিক মেধার বিকাশে এটি একটি কার্যকর পদক্ষেপ। পরীক্ষা পরিচালনার স্বার্থে প্রয়োজনবোধে পরীক্ষা পরিচালনা কমিটি সূচিতে পরিবর্তন বা পরিমার্জন আনতে পারবে। এই মহতী উদ্যোগ সফল করতে উপজেলার সর্বস্তরের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুধীজনদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছে পুসাব।

 


উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে পুসাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, জনকল্যাণ ও এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার