প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৬:১১
ধর্মপাশায় অগ্নিকাণ্ডে বসতঘর ও অটোরিকশা হারানো মনির মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখা।
সংগঠনটির পক্ষ থেকে পরিবারটিকে এক বস্তা চাল, পরিমাণ মতো ডাল, মুরগীর মাংস, তেল, মসলা ও অন্যান্য খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে মনির মিয়ার পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। মনির মিয়া ওই গ্রামের হাছন আলীর ছেলে। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বৃদ্ধ মা—বাবা, স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে তাঁর সাত সদস্যের সংসার। গত শুক্রবার দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর বসতঘর ও অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি চরম সংকটে পড়ে।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের আলম, ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, সহসভাপতি মুফতি এহসানুল হক সিদ্দীকি, হাফেজ মাওলানা শেখ শামছ উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাসান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম এবং সদর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আক্কাস।
অগ্নিকাণ্ডে ঘর ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে মনির মিয়ার পরিবার যখন দিশেহারা, তখন এ খাদ্য সহায়তা তাদের সাময়িকভাবে হলেও সংসারের খাবারের সংকট মোকাবিলায় সহায়তা করবে বলে বিশ্বাস করেন সহায়তা প্রদানকারী সংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের আলম বলেন, এই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। পরনের কাপড়টুকু ছাড়া অবশিষ্ট কিছুই নেই। সবাই এগিয়ে না আসলে পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবেনা। আসুন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
উপজেলার খবর থেকে আরো পড়ুন