প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ১৬:০৩
শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশী মদ ও একটি সিএনজিসহ সুমন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি—৯। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়া শান্তিগঞ্জ উপজেলার পাগলাকান্দিগাঁও গ্রামের মৃত. আব্দুল করিমের ছেলে।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টায় এসআরবি—৯, সিপিসি—৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানাধীন ডাবর পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নোয়াগাঁও এলাকার একটি কাঁচা রাস্তার ওপর সিএনজি অটোরিকশায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ৮টা ৪৫ মিনিটে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি’র উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে সুমন মিয়াকে আটক করা হলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আটকে রাখা সুমনের দেওয়া তথ্যমতে, সিএনজিতে থাকা দুটি সাদা রঙের কাগজের কার্টন থেকে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুমন জানায়, সে এবং তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সুমনকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন