প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১১:১১
৫০তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ
৫০তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করে সুনামগঞ্জের জন্য গৌরব বয়ে এনেছেন দাবাড়ু (সিএম) সাইফুল ইসলাম চৌধুরী। দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত তালিকায় সপ্তম স্থান অর্জন করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ দাবা ফেডারেশনে প্রতিযোগিতার শেষ দিনের খেলা শেষে সাইফুল ইসলাম চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের দাবাড়ুরা অংশ নেন।
সাইফুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. সিরাজুল ইসলাম চৌধুরী এবং মা বেগম জহুরা চৌধুরী। তিনি ‘ Region-5’ দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় ৭ দশমিক ৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অর্জন করেন আন্তর্জাতিক মাস্টার (আইএম) মো. মিনহাজ উদ্দিন। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর। এ ছাড়া ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে পরবর্তী স্থানগুলোতে রয়েছেন একাধিক প্রতিযোগী।
আগামী ২৮ নভেম্বরের অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের দল বাছাইয়ের খেলা আগামী ৭ নভেম্বর শুরু হওয়ার কথা। টানা ১৩ দিনের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা শেষে সেখান থেকে পাঁচজনকে চূড়ান্ত করা হবে।
এর আগে তিনবার জাতীয় খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাঁর স্বপ্ন ফিদে মাস্টার (এফএম) অথবা আন্তর্জাতিক মাস্টার (আইএম) হওয়া।
নিজের দাবা—জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সাইফুল ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে দাবা খেলছি। ২০১৬ সালে ভারতেও খেলতে গিয়েছি। কিন্তু প্রয়োজনীয় দিকনির্দেশনা, স্পন্সর ও কোচিং কিছুই পাইনি। নিজের চেষ্টায় এ পর্যন্ত এসেছি। স্পন্সর থাকলে হয়তো আরও অনেক দূর যেতে পারতাম।
খেলোয়াড়ি জীবনের শেষ পর্যায়ে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সুনামগঞ্জের দাবাড়ুদের মানোন্নয়ন, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে ক্রীড়া সংস্থাকে এগিয়ে আসতে হবে।
সুনামগঞ্জ জেলা চেস একাডেমির সভাপতি ও সিলেট—ময়মনসিংহ আঞ্চলিক পরিচালনা কমিটির সদস্য মো. সহিদুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত ১২ জন খেলোয়াড়ের মধ্যে সাইফুল ইসলাম চৌধুরী একজন। সিলেট—সুনামগঞ্জ অঞ্চলে তিনিই একমাত্র জাতীয় পর্যায়ের খেলোয়াড় বলে উল্লেখ করে তিনি বলেন, সাইফুলের এ অর্জন সুনামগঞ্জবাসীকে গৌরবান্বিত করেছে।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সাইফুল ইসলাম চৌধুরীর সপ্তম স্থান অর্জন সুনামগঞ্জের দাবাঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। তাঁর এ অর্জন জেলার তরুণ দাবাড়ুদের দাবা খেলায় আগ্রহী হতে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন