প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ২২:১০
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধকল্পে জগন্নাথপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজের নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পারস্পরিক যোগাযোগের পরিধি বাড়লেও এর অপব্যবহার সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। সঠিকতা যাচাই—বাছাই না করে যে কোনো তথ্য শেয়ার করা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কিছু ভুয়া অনলাইন পোর্টাল ব্যবহার করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এগুলোর বিষয়ে নিবিড়ভাবে যাচাই—বাছাই করে খুব শীঘ্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনকল্যাণমূলক নানা কার্যক্রম শুরু করেছে। সরকারের এই ভালো কাজগুলো যাতে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ও অপপ্রচারে মলিন না হয়, সে জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎ অভ্যাস গড়ে তুলতে হবে, তবেই রাষ্ট্র, সরকার ও সাধারণ জনগণ প্রকৃতভাবে উপকৃত হবে। বিভ্রান্তিমূলক সকল অপপ্রচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক সৈয়দ মোসাব্বির আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) অনিক রায়, পৌর বিএনপির আহ্ববায়ক সালাউদ্দিন আহমদ মিঠু, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম জাবের, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া বেগম শ্রাবনী প্রমুখ। এসময় স্থানীয় প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন