‘জনপ্রিয় নেতাকে হেয় করতেই অপপ্রচার চলছে’

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২২:৩৬

এমপি নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে মিলিত সমাবেশে হয়।

 

 

 


সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, এমপি নুরুলের বিরুদ্ধে নির্বাচনের পূর্ব থেকেই বিগত ১৭ বছর ধরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্রই তাকে থামিয়ে রাখতে পারেনি। আমরা দেখেছি, এলাকার উন্নয়নমূলক কাজে যখনই কোনো অনিয়ম ও ব্যাঘাত ঘটে, তখনই সাধারণ মানুষ জনপ্রতিনিধির মুখোমুখি হন। ঘটনার দিনও এলাকার জনগণ এমপি সাহেবকে পেয়ে জোর করে মোটরসাইকেল থেকে নামিয়ে অনিয়মগুলো দেখিয়েছেন। এমপি সাহেব কেবল তার প্রতিবাদ করেছিলেন, এর বেশি কিছু নয়।

 


বক্তারা আরও অভিযোগ করেন, এটি একটি গভীর ষড়যন্ত্র। একটি বিশেষ গোষ্ঠী ও বিভিন্ন দলের কিছু নেতাকর্মী প্রত্যক্ষভাবে এর সঙ্গে জড়িত। কিভাবে একজন জনপ্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করে লজ্জার মুখে ঠেলে দেওয়া যায়, সেই অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা। একজন সজ্জন ও জনপ্রিয় মানুষের বিরুদ্ধে যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক।

 


বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আট মাস ধরে দেশ পরিচালনা করছে। এই আট মাসে সুনামগঞ্জের কোনো উন্নয়নমূলক কাজে দলের কোনো নেতাকর্মী চাঁদা দাবি করেনি। আমরা চাই নিয়মনীতি মেনে স্বচ্ছতার সঙ্গে উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকুক। তবে জাতীয় নির্বাচনের আগে ও সরকার গঠনের পর যারা এই সরকারকে বিতর্কিত এবং জনপ্রিয় নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই এমপি নুরুল ইসলামকে নিয়ে অপচেষ্টায় নেমেছে।

 


একটি বড় অনিয়মের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, ইতোমধ্যেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে, মহাসাগর চুরির মতো ঘটনা ঘটেছে। ৪৬ কোটি টাকার প্রকল্প বাড়িয়ে ৮৬ কোটি টাকায় নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৪৮ কোটি টাকার বিল তুলে নেওয়া হয়েছে। এই অনিয়মের খবর গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী তার সম্পর্কে অবগত আছেন এবং তাকে পছন্দ করেন। কোনো ষড়যন্ত্রই তাকে দমিয়ে রাখতে পারবে না।

 


সমাবেশের আগে বেলা ১১টা থেকেই সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আলাদা আলাদা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন বাসস্টেশনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুর ইসলাম প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার