প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ০০:০৪
বাবার দাবি, তার ছেলে মেধাবী ছিল, পুলিশি হয়রানিতে প্রস্তুতি নিতে পারে নি
সুনামগঞ্জে নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স এইচএসসি পরীক্ষায় ২ সাবজেক্টে ফেল করেছে। অবশ্য ওই ছাত্রলীগ নেতার বাবা দেওয়ান শাহরুখ চৌধুরীর বলেছেন, তার ছেলে মেধাবী ছিল। পুলিশি হয়রানির কারণে প্রস্তুতি নিতে পারে নি সে। ওদিকে, প্রিন্সকে কড়া পুলিশ পাহাড়ায় সিলেটের বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রিন্স সুস্থ, সে অনলাইনে সক্রিয়, গুজব ছড়াচ্ছে. এজন্য পুলিশ দেখভাল করছে।
দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তারা সুনামগঞ্জ শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বসবাস করছেন। সে এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিন্স। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। শাহনেওয়াজকে গ্রেপ্তারের পর হাসপাতালের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী শনিবার সন্ধ্যায় বলেছেন, তার ছেলে পুরোপুরি সুস্থ হয় নি। সে কথাবার্তা বলতে পারছে। ডাক্তার অনেক পরীক্ষা—নিরীক্ষা দিয়েছেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার আশপাশে অধিক সংখ্যক পুলিশ রয়েছে বলে জানান তিনি। তিনি দাবি করেন, গেল এক বছরে দফায় দফায় তার ছেলেকে ১২০ দিন জেলে রাখা হয়েছে। সে মেধাবী ছাত্র ছিল। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এসএসসিতে ৪.৮৯ নম্বর পেয়েছিল। কারাগারে থেকে পরীক্ষা দিয়েছে। এজন্য প্রস্তুতি নিতে পারে নি। এইচএসসিতে পদার্থ ও রসায়নে খারাপ করেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন সেখ বললেন, সুনামগঞ্জ—সিলেট মিলিয়ে ৫ জন সরকারি ডাক্তার প্রিন্সের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। শরীরে কোন আঘাত পান নি। তার খিচুনি রোগ আছে। সিলেটের বেসরকারি হাসপাতালে থেকে সে অনলাইনে সক্রিয়, গুজব ছড়াচ্ছে। তার হয়ে পুলিশকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে ফোন নম্বর দিয়ে জিডি করা হয়েছে। তাকে রাখা হাসপাতালেও পুলিশ বাড়ানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন