প্রথম ব্যাচেই পাস শতভাগ

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ০০:০৮

তাহিরপুরের আইডিয়াল ভিশন কলেজ

তাহিরপুর উপজেলার আইডিয়াল ভিশন কলেজের প্রথম ব্যাচেই এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জিত হয়েছে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া কলেজটির সাতজন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। শনিবার প্রকাশিত সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফলে এ তথ্য জানা গেছে।


কলেজ সূত্রে জানা যায়, এ বছর মানবিক বিভাগ থেকে তিনজন এবং বিজ্ঞান বিভাগ থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগে চারজনের মধ্যে একজন জিপিএ—৪.৫৮, একজন ৪.৫০ এবং বাকি দুজন ৪.১৭ অর্জন করেছে। অন্যদিকে মানবিক বিভাগের তিন শিক্ষার্থীর জিপিএ যথাক্রমে ৩.৫৮, ৩.৩৩ ও ২.৩৩। মানবিক বিভাগে সর্বোচ্চ জিপিএ ৩.৫৮।

 


বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী হুরে জান্নাত হিরামনি বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা কলেজের প্রথম ব্যাচেই উত্তীর্ণ হতে পেরেছি। জিপিএ—৫ না পেলেও ৪.৫০ পেয়েছি। চেষ্টা করেছি, কিন্তু অল্পের জন্য কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি। তবে প্রথম ব্যাচেই কলেজ থেকে উত্তীর্ণ হতে পেরেছি, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া।

 


শিক্ষার্থীর অভিভাবক মাওলানা তাজুল ইসলাম বলেন, কলেজের প্রথম ব্যাচেই শতভাগ পাসের সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। আশা করি, আগামীতে কলেজটি আরও ভালো ফলাফল অর্জন করবে।
আইডিয়াল ভিশন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম ব্যাচের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রার শুরুতেই এমন সাফল্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ক। জিপিএ—৫ অর্জন করতে না পারলেও প্রথম ব্যাচের এ ফলাফল আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন, আগামীতে এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি জিপিএ—৫ অর্জনে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার