৩৮ জনের মধ্যে পাস ২ জন

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ০০:১০

ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে অবস্থিত হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২ জন। বাকি ৩৬ জনই অকৃতকার্য হয়েছেন। এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম, শিক্ষক সংকট এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 


প্রাপ্ত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ৫ দশমিক ২৬ শতাংশ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ফলাফল নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হাই মুহাম্মদ কামাল বলেন, আমাদের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবার প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখানে যারা ভর্তি হয়েছে, তাদের অনেকেই অন্য ভালো কলেজে ভর্তি হতে পারেনি। যাদের পয়েন্ট তুলনামূলকভাবে কম, তারাই মূলত এখানে ভর্তি হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসেও অংশগ্রহণ করেনি।

 


তিনি আরও বলেন, এবারের এইচএসসি ব্যাচ পরীক্ষায় অংশগ্রহণ করলেও আগামী ব্যাচের জন্য এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আমাদের কলেজে ভর্তি হয়নি। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ভর্তি হওয়া শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছি। তবে খারাপ ফলাফলের সবচেয়ে বড় কারণ হলো, আমাদের কলেজে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বিদ্যালয়ের শিক্ষকদের দিয়েই কোনো রকমে ক্লাস পরিচালনা করতে হয়েছে।
তবে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে, পর্যাপ্ত শিক্ষক ও নিয়মিত পাঠদান নিশ্চিত না করেই শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া কতটা যৌক্তিক ছিল? এদিকে প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মো. গোলাম মাহমুদ আজম ফলাফল বিপর্যয়ের পেছনে অতীতের শিক্ষাব্যবস্থার দুর্বলতা এবং বর্তমান পরীক্ষার কঠোরতাকে দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন যারা পরীক্ষায় অকৃতকার্য হতো, তাদেরও উত্তীর্ণ দেখানো হয়েছে। এবার বিএনপি সরকার এসে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্কুল ও কলেজে সিসি ক্যামেরা স্থাপন করেছে। এখন আর যে কেউ নকল করতে পারে না। পরীক্ষায় যে প্রশ্ন আসে, যারা তার উত্তর দিতে পারে তারাই উত্তীর্ণ হয়, আর যারা পারে না তারা উত্তীর্ণ হতে পারে না।


তিনি আরও বলেন, আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন হয়েছে। বিষয়গুলো সবার সঙ্গে আলোচনা করে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিবো।

 


এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, নতুন কলেজ হয়েছে, সেখানে শিক্ষক নেই এ বিষয়টি আমাকে জানানো হয় নি। আমি একা মানুষ, অনেক দায়িত্ব একসঙ্গে পালন করতে হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি আমাকে না জানায়, তাহলে আমি কীভাবে জানব? তিনি আরও বলেন, এখন বিষয়টি জানতে পেরেছি। কলেজটিতে শিক্ষক নিয়োগসহ যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো গ্রহণের বিষয়ে উদ্যোগ নেব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার