প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:০৫
শাল্লা উপজেলায় ৩০০ লিটার চোলাই মদসহ মো. সোহেল মিয়া (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার সময় উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা থানার এসআই (নিরস্ত্র) শাহজাহান, মো. কামাল উদ্দিন ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বাহাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে প্রতাপপুর শ্মশানঘাট এলাকা থেকে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সোহেল মিয়াকে আটক করা হয়।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, মাদকের বিরুদ্ধে শাল্লা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত আছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন