গাঁ‘জা-ই‘য়া‘বাসহ গ্রে‘প্তা‘র ২

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:১০

ডিবির পৃথক অভিযান

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ১০৪ টাকাও জব্দ করে পুলিশ। তবে গাঁজা উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক ব্যক্তি পালিয়ে যান।

 


বুধবার ভোররাতে ছাতক উপজেলা এবং এর আগের দিন মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিবানের নেতৃত্বে একটি দল ছাতকের ১২ নম্বর ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শিরিশ রবি দাসের বসতঘরে অভিযান চালায়। এ সময় বিজয় রবি দাস (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শিরিশ রবি দাস ও সুমিতি রানী রবি দাসের ছেলে। পরে তার কাছ থেকে নীল রঙের পলিব্যাগে মোড়ানো এক কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ১০৪ টাকা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিরিশ রবি দাস পালিয়ে যান। পুলিশ জানায়, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।

 


অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজ (২০) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি ওই গ্রামের মৃত রউফের ছেলে। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল তার বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।
ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার