প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:৩৯
আসন্ন ইউনিয়ন শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক। এরই অংশ হিসেবে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন এবং বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেছেন।
বুধবার দিনব্যাপী কর্মসূচিতে ইউনিয়নের আটপাড়া, কাদিরপুর, শাল্লা ও দুর্লভপুরসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন রফিকুল ইসলাম রফিক। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগকালে তিনি এলাকার নানা সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন।
এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে—দুঃখে পাশে আছি। সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে দল—মত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করা হবে আমার প্রধান ব্রত।
তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষকদের নানামুখী সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। সাধারণ মানুষ আমার পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন বলে আমি শতভাগ আশাবাদী।
গণসংযোগ ও শোডাউনে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ—সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন