প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:৫৭
ছাতক উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সালিশকারিসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বুধবার সকালে জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে।
.jpg)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মাঠে পাইগাঁও ও জালালীচর গ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই স্থানীয় মুরব্বিরা উভয় পক্ষের লোকজনকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। তবে বুধবার সকালে পুনরায় বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাউয়া—ছাতক সড়কের রাঙ্গা—ডিঙ্গা নামক স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হন।
আহতদের মধ্যে ছালিক মিয়া (৩৫), সুনা মিয়া (৪০), জাফর মিয়া (২৮), সাইফুর রহমান (২৮), হানিফ (৩০), একলাছ উদ্দিন (৪৫), মাহমুদ আলী (৪২), আজমীর (৩০), মানিক মিয়া (২৬), আলমগীর (৩০), আইয়ুব আলী (৩৫) ও হেলাল উদ্দিনসহ অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কৈতক হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন