আত্মকর্মসংস্থান ও সমাজসেবায় অবদানে জাতীয় যুব পুরস্কার পেলেন শামছুজ্জামাল

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১০:৪৯

কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’  পেয়েছেন সুনামগঞ্জের সফল আত্মকর্মী মো. শামছুজ্জামাল। সিলেট বিভাগীয় কোটায় নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রপতির হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।

 

 

গত ১ নভেম্বর (রবিবার) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 


মো. শামছুজ্জামালের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের উজান রামনগর গ্রামে। তাঁর পিতার নাম মো. রমিজ উল্লাহ এবং মাতার নাম মোছা. হাজেরা খাতুন। ১৯৯৮ সালের ১৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া শামছুজ্জামাল চার ভাই-বোনের মধ্যে সবার বড়। শিক্ষাজীবনে এসএসসি পাস করার পর ২০১৫ সালে যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ থেকে ছয় মাস মেয়াদি ইলেকট্রনিকস বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

 


প্রশিক্ষণ গ্রহণের পর ২০১৫ সালে তিনি ‘মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ’ নামে ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে প্রায় ৫০০ জন বেকার যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদান এবং ১৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি ৪ হাজার কোয়েল পাখি ও ১ হাজার ব্রয়লার মুরগির খামার এবং ৬৩ শতক আয়তনের পুকুরে মৎস্য চাষ করে সফল হন। পরবর্তীতে তিনি ‘উদ্যোক্তা কম্পিউটার ট্রেনিং সেন্টার’ প্রতিষ্ঠা করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালুর মাধ্যমে আরও যুবকের কর্মসংস্থানের পথ তৈরি করেন।

 

 

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। পুকুর পরিষ্কার, পলিথিন অপসারণ, বৃক্ষরোপণ এবং করোনা মহামারির সময়ে মাস্ক বিতরণের মতো বিভিন্ন সামাজিক উদ্যোগে তিনি অংশ নেন।

 


তাঁর এই গৌরবময় অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী, প্রশিক্ষক (কম্পিউটার) মো. আলমগীর কবীর এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার