প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১২:৩২
পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়ায় ডিবির অভিযান
সু.খবর ছবি
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় পৃথক দুটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আতাউল গনি ওরফে রুবেল (৩৪), মাহিদুল ইসলাম তাহরিম (১৯) এবং মোঃ মাজেদুল ইসলাম তানজির (১৯)।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত আতাউল গনি ওরফে রুবেলের হেফাজত থেকে ১০০ বোতল এবং অপর দুই আসামির হেফাজত থেকে ৪৯ বোতলসহ সর্বমোট ১৪৯ বোতল (১৪,৯০০ মিলিলিটার) ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিল ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুনামগঞ্জের এসআই অঞ্জন চন্দ্র সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আভিযানিক দলে আরও অংশ নেন এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন এবং এএসআই মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন