প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ১০:৪৬
সু.খবর ছবি
সাম্রাজ্যবাদ-সামন্তবাদ ও আমলা-দালালপুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী লড়াই-সংগ্রামের অগ্রণী সৈনিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক ডা. এম এ করিমের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের রায়পাড়াস্থ এনডিএফ-এর জেলা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও আমির উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, সহ-সাধারণ সম্পাদক স্বপন মিয়া এবং নির্মাণ শ্রমিক নেতা রাজু মণ্ডল প্রমূখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, এদেশের খেটে খাওয়া মানুষের মুক্তির একমাত্র পথ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও মুৎসুদ্দি পুঁজির শৃঙ্খল থেকে মুক্তির আন্দোলনকে বেগবান করা। ডা. এম এ করিম আজীবন এই সংগ্রামের প্রথ প্রদর্শক ছিলেন। শৈশবে সামন্ত-জোতদার ও মহাজন শ্রেণির শোষণ-লুণ্ঠন প্রত্যক্ষ করা ডা. করিম সাম্রাজ্যবাদের হিংস্র রূপ গভীরভাবে অনুধাবন করেছিলেন।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশ আজ একটি নয়াঔপনিবেশিক আধাসামন্তবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যুদ্ধ ও সামরিক উত্তেজনার ফলে বঙ্গোপসাগরীয় অঞ্চলের রণনীতিগত গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে।
সভায় তৈরি পোশাক খাতের (গার্মেন্টস) শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় পেটুয়া বাহিনীর নির্যাতন, হত্যা ও বাড়ি বাড়ি তল্লাশির তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তারকৃত শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন