প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১০:২১
সংগৃহীত ছবি
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সদর উপজেলার উন্নয়নকে অবশ্যই পরিকল্পিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।
তিনি বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটের উন্নয়ন, ছোট কালভার্ট নির্মাণ এবং যোগাযোগব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।
আজ নগরীর একটি রেস্তোরাঁয় সিলেট সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নদী থেকে পানি শোধনের মাধ্যমে উপজেলাটিতে নিরাপদ খাবার পানির সংকট দূর করা হবে। এ ছাড়া সুরমা নদীর ওপর ধনপুর এলাকায় একটি সেতু নির্মাণ এবং কিন ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু তৈরির প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সিলেট সদর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
কৃষি উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলায় কোনো কৃষিজমিই অনাবাদি রাখা যাবে না। জমির উপযোগিতা অনুযায়ী পরিকল্পিত ম্যাপিংয়ের মাধ্যমে ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। তিনি স্যানিটেশন বা পয়োনিষ্কাশন-সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যও প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।
সিলেট সদর উপজেলার সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে একটি ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আবদুস শহীদ চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা।
এ ছাড়া সিলেট সদর উপজেলার সাত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস .কম
এমডি
সিলেট থেকে আরো পড়ুন