সিলেটে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সম্পন্ন

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১৯:৪০

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগ

অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের বিজয়ীরা শিক্ষার্থীরা।

২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ, পরিবর্ধন, পরিমার্জনের কাজ করে থাকে। এই ইনস্টিটিউট বিশ্বের সকল মাতৃভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। মাতৃভাষা সংক্রান্ত গবেষণামূলক কাজের পাশাপাশি প্রতিবছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০২৪ সালে প্রথমবার লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করে। এ বছর চতুর্থবারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করছে। 

 


শুক্রবার (৬ নভেম্বর) সিলেটে এই অলিম্পিয়াড হয়। সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সিলেট অঞ্চলের বর্ণাঢ্য আয়োজন হয়। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সিলেট পর্বের শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত উপপরিচালক আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক (অর্থ) শেখ শামীম ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জায়েদা গুলশান সিদ্দিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) ড. খিলফাত জাহান যুবাইরাহ্।

 


উদ্বোধনী পর্বের পর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মূল পর্ব শুরু হয়। এতে সিলেট অঞ্চল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি (ক) ক্যাটেগরিতে  ১৩৫ জন এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি (খ) ক্যাটেগরিতে ১৪২ জন শিক্ষার্থীসহ সর্বমোট ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ ঘণ্টাব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করে। ক ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী দীপিকা রায়, খ ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করেন সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সামিয়া রহমান নুহা। 

 


লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর প্রশ্নোত্তরপর্ব ও উন্মুক্ত আলোচনা, মূল্যায়ন ও ফলাফল ঘোষণা এবং সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম। অন্যান্য বছরের ধারাবাহিকতায় সিলেট অঞ্চল থেকে ক ক্যাটেগরিতে ১০ জন এবং খ ক্যাটেগরিতে ১০ জন মোট ২০ জন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এ অংশগ্রহণের সুযোগ লাভ করবে। 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার