‘এমপির বাইরে গিয়ে কিছু করতে পারব?’

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ২৩:০৬

‘আমরা এমপির বাইরে গিয়ে কিছু করতে পারব? আজ থেকে শপথ নেব, আমরা বিএনপির বাইরে যাব না, এমপি সাহেবের বাইরে যাব না।’ এমন বক্তব্য দিয়েছেন সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভীন আক্তার চৌধুরী।

 


শনিবার দুপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত র‌্যালি ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে পারভীন আক্তার বলেন, আমি এমপি সাহেবকে একাই চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলাম। আমার কতটা কষ্ট হয়েছে, তা আল্লাহ দেখেছেন। আজ আপনাদের সবাইকে একত্রিত দেখে আমার সেই কষ্ট সফল হয়েছে। আপনাদের দেখলে আমার আর কোনো কষ্ট থাকে না।

 


তিনি আরও বলেন, আমাদের এমপির সঙ্গেই থাকতে হবে। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন। আপনাদের ভালো—মন্দ, সুখ—সুবিধার কথা শুনব এবং সমাধানের চেষ্টা করব। আমরা প্রত্যেকটি মানুষকে এমপি সাহেবের অধিকার দিতে চাই। আমি বলেছিলাম, সবাই এমপি। নাছির চৌধুরীর ছায়া এখন সবার সঙ্গে থাকবে।
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সিনিয়র—জুনিয়র সমন্বয় করে কাজ করব। আমরা কোনো বলয় তৈরি করব না। বিভিন্ন জায়গায় বলয় তৈরি হতে দেখেছি, আবার সেগুলো ধীরে ধীরে থেমেও যাচ্ছে। আমি জানি, এই শাল্লায় কোনো বলয় নেই, থাকবেও না।

 


নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন। আপনাদের ভালো—মন্দের কথা সরাসরি আমাকে জানাবেন। শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার দরকার নেই। এখানে যারা আছেন, তাদের সবাইকে আমি সিংহ বানাতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো কিছু করা সম্ভব।

 


দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও দ্বিমুখী আচরণের সমালোচনা করে পারভীন আক্তার বলেন, যারা পেছনে এক কথা, সামনে আরেক কথা এবং ম্যাডামের কাছে গিয়ে অন্য কথা বলেন, তারা কখনো সিংহ হতে পারবেন না। তারা শেয়াল থেকে বিড়াল হয়ে যাবেন। বিড়ালের জায়গা কাঁটা—হাড্ডি, আর সিংহের জায়গা মাংস। আপনারা সিংহের জায়গাটা দখল করুন।

 


এ সময় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর শাল্লা সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এমপি সাহেবের চোখের পানি আমি আর কত সহ্য করব? তিনি রাতেই বলেছেন, শাল্লার র‌্যালিতে গিয়ে যেন আমি হাঁটি। আগামী ৯ নভেম্বর তিনি আসবেন এবং তিন দিন আপনাদের মাঝে থাকবেন। অনেক না—বলা কথা জমে আছে। আমরা এসে তিন—চার ঘণ্টা থেকে চলে যাই, এতে কারও সমস্যার সমাধান হয় না। তাই ঢাকা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, এবার তিন—চার দিন থাকব। অনেকের মনেই প্রশ্ন থাকে, আমরা কোনো সমস্যার সমাধান দিতে পারি না। অনেক কিছু শেয়ালদের কাছে বর্গা দিয়ে আসি।

 


এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, নিত্যানন্দ দাস নিতাই, সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানি চৌধুরী, বিএনপি নেতা সাইফুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও একরামুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুবদল নেতা এইচ এম এরশাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রোমান আহমেদ ও এ আর আশিক, মারুফ হাসান ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাকিল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার