প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৮:২৫
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা লিপিরানী দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা প্রকৌশলী রজত কান্তি দাস, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, থানার এসআই মো. ইয়াছিন মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, বিএনপি নেতা আব্দুল হাই এবং বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, রুকিয়া বেগম, করম আলী, মসলেম আলী ও আব্দুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ দুই সমবায়ীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার বলেন, দেশ ও জাতিকে সমবায়ের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব। তাই সমবায়ের সঠিক কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
উপজেলার খবর থেকে আরো পড়ুন