প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৮:২৯
৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, পণ্য মেলার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মাহিদুল ইসলাম ইকবালের সভাপতিত্বে এবং পরিদর্শক সুব্রত দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, কাশফুল মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মোস্তাক আহমেদ আল আমিন, জালালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রওশন আরা বেগম এবং বন্ধন সঞ্চয় সমবায় সমিতির সভাপতি পলাশ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমবায়ের অবদান উল্লেখযোগ্য। কৃষি, মৎস্য, দুগ্ধ খামার ও ক্ষুদ্র কুটিরশিল্পের বিকাশের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বের বিভিন্ন দেশের সফল সমবায় কার্যক্রমের উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে সমবায় অধিদপ্তরের অধীনে বহুমুখী সমবায়, দুগ্ধ উৎপাদন, নারী, মৎস্যসহ বিভিন্ন ধরনের সমবায় সমিতি এবং সমবায় ব্যাংক রয়েছে। এসব প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছে। তবে এ খাতে আরও কাজ করার সুযোগ রয়েছে।
সুনামগঞ্জে ১১ হাজারের বেশি সমবায় সমিতি এবং প্রায় ৬৫ হাজার সদস্য রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শুধু সমিতির সংখ্যা বাড়ালেই হবে না, উৎপাদনমুখী কার্যক্রমে এগিয়ে আসতে হবে। সমবায় সমিতিগুলোর প্রকৃত কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও গঠনতন্ত্র অনুসরণ নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।
আলোচনা সভার আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং পণ্য মেলার উদ্বোধন করা হয়। পরে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন