প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭
সুনামগঞ্জ সরকারি কলেজের মুক্তচত্বরে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীন লেখক ঋতুরাজ সিংহ অমিতের প্রথম উপন্যাস ‘নীল খামে শেষ চিঠি’—র মোড়ক উন্মোচন ও বিশেষ প্রচারণা। গণিত বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ঋতুরাজ পড়ালেখার পাশাপাশি নিজের সাহিত্যচর্চার ভালোলাগা থেকে রচনা করেছেন এই উপন্যাস। সোমবার দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে নিজের প্রথম বই পাঠকদের সামনে তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত ছিলেন এই তরুণ লেখক।
.jpg)
আয়োজনে উপন্যাসটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও মূল বিষয়বস্তু পাঠকদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় লেখকের বন্ধু ও সহপাঠী আরাফাত ইসলাম, রাফি আহমেদ, শেখ হাকিম, আলবাব আহমেদ, সিয়ামুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান এবং তার এই সৃজনশীল উদ্যোগের সাফল্য কামনা করেন।
‘নীল খামে শেষ চিঠি’ উপন্যাসটি মূলত অনুভূতি, ভালোবাসা, অপেক্ষা ও না বলা কথার এক আবেগঘন উপন্যাস। মানুষের মনের কিছু অনুভূতি থাকে যা মুখে প্রকাশ করা যায় না, অথচ হৃদয়ে নীরবে জমে থাকে। সেই না—বলা অনুভূতি, স্মৃতি আর জীবনের নানা আবেগকে চিঠির ভাষায় তুলে ধরার এক অনন্য সাহিত্যিক প্রচেষ্টা এই উপন্যাস। নীল খামের প্রতিটি পাতায় পাঠক খুঁজে পাবেন অনুভূতির এক ভিন্ন জগৎ।
নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে লেখক ঋতুরাজ সিংহ অমিত বলেন, একজন নবীন লেখক হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মুহূর্ত। নিজের কলেজের প্রাঙ্গণে সহপাঠী ও পাঠকদের সামনে আমার প্রথম বই তুলে ধরতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করি, পাঠকদের ভালোবাসা ও সহযোগিতা আমার সাহিত্যচর্চার পথচলাকে আরও দূরে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
প্রসঙ্গত, ‘নীল খামে শেষ চিঠি’ লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। এই উপন্যাসের মধ্য দিয়ে তিনি তাঁর নিজস্ব অনুভূতি, জীবনবোধ ও সাহিত্যভাবনা পাঠকদের হৃদয়ে পৌঁছে দিতে চান। তরুণ এই লেখকের এমন উদ্যোগ সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন