প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:১০
পুলিশে তোলপাড়। সুনামগঞ্জ ও সিলেটের এসপি ভিন্ন বক্তব্য দিলেন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি রনজিত সরকার ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে রোববার সন্ধ্যায় সভা করেছেন। তার নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের নিষিদ্ধ সংগঠনের অসংখ্য কর্মীকে ওই সভায় দেখা গেছে। সোমবার বিকাল টারটা ৪৯ মিনিটে রঞ্জিত সরকার নিজের ফেসবুক আইডিতে এই সভায় দেওয়া ভিডিও বক্তব্য আপলোড করেন। রঞ্জিত নিজেই অবশ্য বলেছেন, সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে তিনি ভারতে ফিরেছেন।
সভাস্থলে উপরে সামিয়ানা ছিল। পেছনে ব্যানার হাত দিয়ে একপাশে ধরে রেখেছিলেন- কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক পাশে দাঁড়ানো ছিলেন, তাহিরপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাড. রনজিত সরকার।’ আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।’ ভিডিও দেখে সভায় উপস্থিত একাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কেউ-ই সভার স্থান পরিস্কারভাবে বলতে চান নি। তবে রোববার সন্ধ্যায় তারা সভায় মিলিত হয়েছেন এই তথ্য নিশ্চিত করেছেন।
রনজিত সরকারের ফেসবুক ম্যাসেঞ্জারে একাধিকবার ফোন দেবার পর কল রিসিভ করে তিনি বলেন, ‘কোন তথ্য জানাতে পারবো না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ কোথায় সভা করলেন, এই বিষয়ে জানতে চাইলে কল কেটে দিন তিনি।
ব্যানার ধরা নিষিদ্ধ ছাত্রলীগের জামালগঞ্জ উপজেলার নেতা ওমর ফারুক বললেন, সভাটি রোববার সন্ধ্যায় করা হয়েছে। কোথায় কোন সময় করা হলো- জানতে চাইলে ফারুক ফোন কেটে দেন।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন।
এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মঙ্গলবারের ছাত্রলীগের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ এবং ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন।
বক্তব্যে রনজিত সরকার আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার প্রত্যাশার কথাও জানান। একই সঙ্গে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বললেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢুকার কোন সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওখানে ভিডিওতে দেখা গেছে। তাদেরকে সিলেট সীমান্তের কোন একটা জায়গায় জড়ো করে তারা এই কাজ করেছে।’
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বললেন ভিন্ন কথা, তার বক্তব্য সভাটি সিলেটের সীমান্তে হয় নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোন স্পটে হয়েছে। উপস্থিত লোকজনও সুনামগঞ্জের ছিল।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বললেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় নানাভাবে খোঁজ খবর নিয়ে জানা গেছে, এ ধরণের কোন সভা এই সীমান্তে হয় নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন