প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১২:৩০
অনুপম রায়
সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখার জাদুতে মুগ্ধতা প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
সম্প্রতি হুমায়ূন আহমেদের ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়া শেষ করেছেন তিনি। বইটি পড়ার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে লেখকের গল্প বলার ধরন, রসবোধ ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন এই সংগীতশিল্পী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে অনুপম রায় লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম ‘নলিনী বাবু বিএসসি’। আরও একটা আশ্চর্য গল্প!’
হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে একধরনের গভীর আত্মীয়তা অনুভব করেন বলে জানিয়েছেন অনুপম।
তার মতে, পৃথিবীকে দেখার লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ এবং বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের সহজ মেলবন্ধন তাকে বারবার মুগ্ধ করে।
গল্পটি পড়ার অনুভূতি জানিয়ে অনুপম আরও লিখেছেন, ‘গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’
অনুপম রায় শুধু সংগীতশিল্পী নন, তিনি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তিনি। সংগীতে আসার আগে বেঙ্গালুরুতে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
২০১০ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘অটোগ্রাফ’ সিনেমার মাধ্যমে সংগীতজগতে ব্যাপক পরিচিতি পান অনুপম। সিনেমাটিতে তার গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে ‘পিকু’, ‘পিঙ্ক’ ও ‘অক্টোবর’-এর মতো বলিউড সিনেমায়ও সংগীত পরিচালনা করেন তিনি। ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী।
সূত্র: ইত্তেফাক.কম
এসএ
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন