প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২০:২৭
জগন্নাথপুরে সংঘবদ্ধ হামলায় দুই ভাই নিহতের ঘটনায় জড়িত এজাহারনামীয় দুই পলাতক আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি—৯। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— জগন্নাথপুর থানাধীন পীরেরগাঁও গ্রামের জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) এবং মৃত আছির উল্লাহর ছেলে রোকন মিয়া (২৪)। তারা উভয়েই এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি (যথাক্রমে ৪ ও ১৪ নম্বর আসামি)।
নিহত মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা, খাস জমিতে গবাদিপশু চরানো এবং বসতবাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই দিন আগে স্থানীয় একটি পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডার জেরে গত ২৭ অক্টোবর সকালে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে ভাই আতাউর রহমান ও মুজিবুর রহমানসহ পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরদিন ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমানও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং—১৪, তাং— ৩০/১০/২০২৬) দায়ের করেন।
চাঞ্চল্যকর এই জোড়া খুনের পর আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি—৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি—৯ (সিপিসি—৩, সুনামগঞ্জ) এবং সিপিসি—৩, হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল ১০ নভেম্বর ভোর পৌনে চারটার দিকে নবীগঞ্জে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। এর আগে গত ৭ নভেম্বর এই মামলার এজাহারনামীয় আরও ১ জন আসামিকে গ্রেপ্তার করেছিল এসআরবি—৯।
সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি—৯—এর এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন