প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৯:১৫
শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের ভাইরাল ভিডিওতে উপস্থিত থাকা তারা মিয়াকে সঙ্গে নিয়ে পুলিশ রনজিতের করা সভার স্থান নিশ্চিত হয়েছে। তারার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে গিয়ে শনাক্ত হয়েছে। সভাটি হয়েছিল ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট, রাতারগুল’ এ। সুনামগঞ্জের পুলিশ সুপার মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে সাতটায় এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সকাল সাতটায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা তাকে আটক করা হয়।
.jpg)
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা মিয়া প্রাথমিকভাবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার এই সভা করেছেন বলে তথ্য দেয়। তারা মিয়ার কথা অনুযায়ী, সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে যায়।
রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ বলেন, গেল বুধবার অ্যাডভোকেট রুকনসহ দুই জন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলে যান এবং জায়গাটি ঘুরে দেখেন। এরপর শুক্রবার সন্ধ্যার দিকে রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং কনফার্ম করা হয়। শিক্ষা সফরে আসা মোট ১৭৫ জনের এই দলের জন্য সর্বমোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, শিক্ষা সফরে আসা দলটি দুপুর বা বিকাল ৩টার দিকে রিসোর্টে প্রবেশ করে। এরপর তারা রিসোর্টের সামনের লেক ও মিনি ফুটবল খেলার মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। সাধারণত বিভিন্ন প্রোগ্রাম হলে যেভাবে অনুষ্ঠান করা হয়, এখানেও সেভাবে প্যান্ডেল টাঙিয়ে এবং খুঁটি গেড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছিল। সমস্ত অনুষ্ঠান শেষে রাত ৮টা, সাড়ে ৮টা বা ৯টার দিকে তারা আনন্দমুখর পরিবেশে রিসোর্ট থেকে বের হয়ে যান।
.jpg)
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার—ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। তিনি জানান, ওই রিসোর্টের মালিক গোয়াইনঘাটের মহিষখলার শাহ্ আলম সোহেল। ব্যবস্থাপক পারভেজ মোশারফ। পারভেজ মোশারফ পুলিশকে জানিয়েছেন, অ্যাডভোকেট রুকন নামের একজন আইনজীবী দশ হাজার টাকা অগ্রিম দিয়ে রিসোর্ট বুকিং দেন।
.jpg)
এর আগে সোমবার বিকালে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে রনজিত বর্তমান সরকারের সমালোচনা করেন। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিতের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দেয় জনতা।
এদিকে, রনজিতের সরকার বিরোধী এমন কার্যক্রমে ক্ষুব্ধ সুনামগঞ্জ—১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বিএনপি নেতাকর্মীরাও। গতকাল ওই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশায় মিছিল—সমাবেশ করে বিএনপি নেতারা রনজিতের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।
সমাবেশে বক্তারা জানান, মঙ্গলবার রাতেই নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিটে মিছিল—সমাবেশ করার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি ফ্যাসিস্ট আওয়ামী চক্রের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে সমাবেশে জানান বক্তারা।
এদিকে, ওই সভায় উপস্থিত থেকে রনজিতের পেছনের ব্যানার হাত দিয়ে ধরে রাখার দায়িত্ব পালনকারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ। তাঁর জামালগঞ্জ উপজেলার লম্বাবাকের বাড়িতে গভীর রাতে পুলিশ তল্লাশি চালিয়েও তাকে পায় নি।
সিলেট থেকে আরো পড়ুন