প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১২:০৪
সংগৃহীত ছবি
সেদিন হামজা চৌধুরী ছিলেন না। ছিলেন না ফারহান আলি ওয়াহেদও। ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও পরিপূর্ণ ছিল না। ৭ থেকে ৮ হাজার দর্শক গ্যালারিতে খেলা দেখতে এসেছিলেন। এক ম্যাচ পরই বদলে গেছে সেই দৃশ্যপট। বুধবার বিকেলের পর থেকে ভরতে থাকে গ্যালারি। সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল হামজার খেলা মাঠে বসে উপভোগ করার জন্য দর্শকদের লম্বা লাইনও দেখা যায় স্টেডিয়ামের গেইটগুলোতে। এক হামজার আগমনে পরিপূর্ণ পুরো গ্যালারি। বাংলাদেশের ফুটবলে যে শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডারকে ঘিরে উন্মাদনা; তার সঙ্গে ফারহান আলি ওয়াহেদের ঘরের মাঠে অভিষেক। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালকের ম্যাচে ফুটবলের ‘হোম গ্রাউন্ড’ মেতেছে দর্শক উন্মাদনায়।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টা। ম্যাচের আগে ওয়ার্মআপে নামে বাংলাদেশ ফুটবল দল। ড্রেসিংরুম থেকে হামজা-শমিতকে মাঠে ঢুকতে দেখে গ্যালারিতে শুরু হয় গগনবিদারি আওয়াজ। ‘হামজা, হামজা’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এ দিনই প্রথম লাল-সবুজের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ মিডফিল্ডার। বাংলাদেশের হয়ে এর আগে ১১টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও অধিনায়কত্বের দায়িত্ব পাননি তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করার পরই হামজাকে দলের নেতা বানান বাংলাদেশ কোচ থমাস ডুলি।
ফারহান-জায়ান আহমেদদের খেলা দেখতে দূরদূরান্ত থেকে স্টেডিয়ামে এসেছেন দর্শকরা। টিকিটের দাম নিয়ে অসন্তোষ থাকলেও বাংলাদেশের ম্যাচের সময় দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে এই দেশে ফুটবল কতটা জনপ্রিয়। তবে দর্শকদের দলবেঁধে মাঠে আসার পেছনে একজনই; তিনি হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলের চেহারাটা বদলে দেওয়ার কারিগর এই মিডফিল্ডার সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে দলের সঙ্গে যোগ দেওয়ার পরই সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ দেখতে আগ্রহী ছিলেন না আমিরুল ইসলাম রবিন। তিনি জানতেন সেই ম্যাচে হামজা থাকবেন না। কিন্তু যখনই জেনেছেন যে শ্রীলঙ্কা ম্যাচে থাকবেন হামজা, তখনই এক হাজার টাকা দিয়ে নিজের জন্য টিকিট কেনেন তিনি। শুধু নিজের জন্যই নয়, বন্ধুর জন্যও একটি টিকিট কাটেন রবিন। বন্ধু ঈসাককে নিয়ে চার নাম্বার গেইট দিয়ে মাঠের ঢোকার অপেক্ষায় থাকা রবিন খেলা দেখতে এসেছেন মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে, ‘আমি শুধু অপেক্ষায় ছিলাম কবে হামজা যোগ দেবেন দলের সঙ্গে। জানার পরই শ্রীলঙ্কা ম্যাচের টিকিট কাটি। এখন তো মাঠে বসে সরাসরি হামজার খেলা দেখব। একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার ঢাকা স্টেডিয়ামে খেলবেন আর তা গ্যালারিতে বসে দেখব না, তা তো হতে পারে না।’
এরপর টিকিটের দাম নিয়ে কিছুটা ক্ষোভ জানান রবিন, ‘এক হাজার টাকায় এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই এক হাজার টাকাও অনেকের জন্য সাধ্যের বাইরে। আমি মনে করি টিকিটের দাম ২০০ থেকে ৩০০ টাকা করা উচিত ছিল।’
পরিবার নিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে খেলা দেখতে এসেছেন আবু বকর। ষাটোর্ধ্ব আবু বকর এক সময় ঢাকা স্টেডিয়ামে নিয়মিত খেলা দেখতেন। নব্বই দশকে আবাহনী-মোহামেডানের সেই উন্মাদনার কথা বলতে গিয়ে অতীতে হারিয়ে যান তিনি। মাঝে ফুটবলে ভাটার টান হওয়ায় স্টেডিয়াম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ব্যবসায়ী আবু বকর। তবে গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে নতুন করে উন্মাদনা দেখে আবারও মাঠমুখী হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সূত্র: সমকাল.কম
খেলাধুলা থেকে আরো পড়ুন