প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৩:২৩
সংগৃহীত ছবি
দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে হামজা-ফারহানের গোলে সবাই মুগ্ধ। দুর্দান্ত খেলেছেন ডিফেন্ডার সাদ উদ্দিনও। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে সব ইতিবাচক খবরের মাঝেই এলো বড় দুঃসংবাদ– চোটে পড়ে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন।
গতকাল (বুধবার) ম্যাচের ৮১ মিনিটের সময় সাদ ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। ব্যথা এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে তাকে বাইরে আনা হয়েছিল। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিপোর্টে তার গোড়ালির টেন্ডনে চিড় পাওয়া গেছে। এজন্য সার্জারি লাগবে কি না সেটা এখনও নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট, তবে চলতি সাফে তার পক্ষে আর খেলা সম্ভব নয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাদ আসিয়ান কাপেও ভালো পারফর্ম করেছিলেন। সাফের দুই ম্যাচেই একাদশে ছিলেন তিনি। যথেষ্ট ভালো রক্ষণ সামলেছেন। ফর্মে থাকা এই তারকা ফুটবলারের ইনজুরি কোচ থমাস ডুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গতকাল ম্যাচের পর তিনি সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে বলছিলেন, সাদের বিষয়টি গুরুতর, তাকে আর হয়তো এই টুর্নামেন্টে পাওয়া যাবে না।
আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ দল অনুশীলন করছে। গতকাল যারা ম্যাচ খেলেননি, তারা এই অনুশীলনে নেমেছেন। তপু ও বিশ্বনাথ ঘোষ ইনজুরির জন্য অনুশীলন করতে পারেননি কিছু দিন। তারাও আজ সকালে অনেকটাই পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। আর গতকাল ম্যাচ খেলা ফুটবলাররা আজ রিকভারি সেশনে থাকবেন হোটেলে।
বুধবার রাতে খেলার পর আজ সকালেই অনুশীলন, এর মাধ্যমে সাফ ও বাফুফের সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। ঘরের মাঠে আট বছর পর সাফ। দুর্দান্ত ফুটবল খেলছেন হামজা চৌধুরীরা। ফুটবলপ্রেমীদের যখন সকল মনোযোগ দল নিয়ে তখন দায়িত্বপ্রাপ্ত দলনেতা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেনকে গত কয়েকদিন অনুশীলন ও স্টেডিয়ামে দেখা যায়নি।
সূত্র: কালবেলা .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন