প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৩৬
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেটের জেলা ও দায়রা জজ আদালত—২—এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আল—আসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) পরকীয়ার জেরে তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করা হয়। পরে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।
এপিপি জানান, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাদেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর আসামি ফখরুলকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করেন।
সিলেট থেকে আরো পড়ুন