প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:৪৭
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও গুলিসহ প্রবেশ করা ভারতীয় দুই খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া সম্প্রদায়ের বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০)।
.jpg)
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে ওই দুই ভারতীয় নাগরিক শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আনারস বাগান’ নামক স্থানে প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিজিবির একটি দল তাদের চ্যালেঞ্জ করে আটক করে।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, ২টি দা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র ও গুলিসহ ওই দুই নাগরিককে আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে আরো পড়ুন