‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল STEM অলিম্পিয়াড ২০২৬

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:৪০

লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল STEM অলিম্পিয়াড ২০২৬’-এর সিলেট আঞ্চলিক পর্ব। এতে অংশ নিল ৩০০-এর বেশি শিক্ষার্থী।শুক্রবার (০৬ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল STEM অলিম্পিয়াড ২০২৬’-এর সিলেট আঞ্চলিক পর্ব।  এ আয়োজনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ৩০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিসহ দিনব্যাপী এ আয়োজনে উপস্থিতির সংখ্যা ছিল ৫০০-এর বেশি।

 


লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ভেন্যু পার্টনার হিসেবে ছিল লিডিং ইউনিভার্সিটি। জেনারেল সায়েন্স অলিম্পিয়াড (GSO) অনুষ্ঠানটি উপস্থাপনা করে। ফিবোনাচি অলিম্পিয়াডস বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজার এবং আটলান্টিয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করে। পাশাপাশি শ্রীহট্ট ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার অনুষ্ঠানটির টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করে।

এবারের অলিম্পিয়াডে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার লক্ষ্যে রাখা হয় দুটি বিশেষ প্রজেক্ট সেগমেন্ট। এর মধ্যে ছিল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনবিষয়ক প্রকল্প এবং টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রকল্প।

 

শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশের পাশাপাশি বাস্তবমুখী সমস্যা সমাধানে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ  উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যৌক্তিক চিন্তাভাবনা, গবেষণার আগ্রহ এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের পাশাপাশি বাস্তবমুখী সমস্যা সমাধানে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ অলিম্পিয়াড। তিনি আগামীপর্বে শিক্ষার্থীদের সফলতা ও  উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

 


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডিং ইউনিভার্সিটির EEE বিভাগের শিক্ষার্থী দেবস্মিতা বণিক ও হাসান মাহদি।

 

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ৮০ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে স্বীকৃতি লাভ করে। বিজয়ীদের হাতে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক তুলে দেওয়া হয়। সিলেট আঞ্চলিক পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আটলান্টিয়া ইন্টারন্যাশনাল STEM অলিম্পিয়াডের পরবর্তী আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। আয়োজনটিতে স্পন্সর হিসেবে সহযোগিতা করে ইবনে সিনা এবং অ্যাকোমোডেশন পার্টনার হিসেবে ছিল নির্ভানা ইন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার