প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২০:৫৪
কার্যক্রম নিষিদ্ধ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান’র দুই ছেলে আবুল কালাম খাঁন (৪৫) ও আবুল হাসনাত কাজল (২৮) কে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরের পর তাদেরকে ধর্মপাশা আদালতে সোপর্দ করা হয় বলে জানান মধ্যনগর থানার ওসি। পরে ওই আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠান বলে জানান ওসি।
গেল বুধবার মধ্যরাতে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে তার ছেলে আবুল কালাম খাঁন কে প্রথমে গ্রেপ্তার করা হয়, পরে আবুল হাসনাত কাজলকেও গ্রেপ্তার করে পুলিশ। আবুল কালাম যুবলীগের এবং আবুল হাসনাত ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
আবুল হোসেন খাঁন ২০২৪ সালের চার আগস্টে সুনামগঞ্জে প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তবে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন আবুল হোসেন খান। ওই রাতে আবুল হোসেন খান বাড়িতে না থাকায় পুলিশ তাকে পায় নি।
স্থানীয় লোকজন জানান, কালাম ও কাজল কে তাহিরপুর থানা পুলিশ বুধবার গ্রেপ্তার করলেও বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় নি। শুক্রবার মধ্যনগর থানায় পাঠানো হয়।
মধ্যনগর থানার ওসি একে এম শাহাব উদ্দিন শাহীন জানান, তাহিরপুর ও মধ্যনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই দুই থানার সীমান্তবর্তী এলাকায় গেল ২৮ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে তাদের।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানান, বুধবার রাতে সীমান্তবর্তী এলাকার বালিয়াঘাটা এলাকা থেকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এই দুইজনকে গ্রেপ্তার করলেও থানায় ফিরতে ফিরতে বৃহস্পতিবার বিকাল হয়ে যায়। এরা মধ্যনগর থানায় দেওয়া একটি মিছিলের ঘটনায় গ্রেপ্তার হওয়ায় শুক্রবার ওখানে পাঠানো হয় তাদের।
উপজেলার খবর থেকে আরো পড়ুন