প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২৩:০০
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১২ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর অধীনস্থ বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪—এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে কীভাবে তারা ভারতে গিয়েছিলেন, কোন পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিজিবি। এ ছাড়া তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
.jpg)
উল্লেখ্য, এর আগেও গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিকসহ এক মানব পাচারকারীকে আটক করেছিল বিজিবি। ওই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)—এর অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নজরদারি জোরদার করতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং এ কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হচ্ছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন