প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৫৬
ধর্মপাশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর অর্থ বিতরণ নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বাবু নামের এক ব্যক্তি। তাঁর দাবি তাঁকে ৬৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পেয়েছেন ৩০ হাজার টাকা।বাকি ৩৫ হাজার টাকা সমাজসেবা কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ করেছেন তিনি। অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে সমাজসেবা কার্যালয়ের নথিতে বাবুর নামে বরাদ্দের পরিমাণ ৩৫ হাজার টাকা উল্লেখ রয়েছে।গত ২৭ অক্টোবর প্রস্তুত করা একটি নথিতে দেখা যায়, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর চলতি হিসাব থেকে সোনালী ব্যাংকের ধর্মপাশা শাখায় ৩৫ হাজার টাকার চেক প্রস্তুত করা হয়েছে। এতে উপকারভোগীর নাম বাবু এবং পিতার নাম মোঃ সুরুজ আলী ভুঁইয়া উল্লেখ রয়েছে। চেকের নম্বর
গজ/১০ নং- ৩৪০৬০৫৫
এছাড়া গত আগস্টের ১৮ তারিখ উপজেলা ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন - সংক্রান্ত সভার কার্যবিবরণীতেও বাবুর জন্য ৩৫ হাজার টাকা বরাদ্দের সিদ্ধান্তের তথ্য পাওয়া গেছে। সভায় তাঁর বিকল্প কর্মসংস্থানের জন্য দোকানঘর ও মালামাল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী বাবুর নামে ৩৫ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন বাবুর নামে বরাদ্দের পরিমাণ ৩৫ হাজার টাকা,৬৫ হাজার টাকা নয়।
অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, বাবুর করা অভিযোগ সত্য নয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।
দাপ্তরিক নথি,সভার কার্যবিবরণী ও প্রশাসনের বক্তব্য অনুযায়ী বাবুর নামে বরাদ্দের পরিমাণ ৩৫ হাজার টাকা।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সংসদ সদস্যের সাথে বলেছেন ৩০ হাজার টাকা পেয়েছেন।
চেকের টাকা কত পেয়েছেন তা নিশ্চিত হওয়ার জন্য বাবুর সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন