প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৪১
গত মঙ্গলবার জেলা শহরের ষোলঘরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে বলে বুধবার (১১ নভেম্বর) দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হয়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো— অজিত দাসের ভাই ভাই ভেরাইটিস স্টোর, অন্তর দাসের অন্তর স্টোর, কানু তালুকদারের জয় নিতাই স্টোর, রনদা প্রসাদ দাসের নবশ্রী কম্পিউটার এবং সুমন শুক্লবৈদ্যের এসবি সেলুন। দোকানগুলোর মালামাল ও অন্যান্য সরঞ্জামাদিসহ ঘর পুড়ে গিয়েছে বলে জানা যায়। এতে প্রান্তিক এই ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই দোকানগুলোই ছিলো তাঁদের জীবিকার একমাত্র উৎস। ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন চোখে অন্ধকার দেখছেন। তাঁরা কী করে ঘুরে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন। যে স্থানে দোকানগুলোর অবস্থান সেখান থেকে ফায়ার সার্ভিস অফিস একেবারেই নিকটবর্তী। ষোলঘরেই জেলা ফায়ার সার্ভিসের অফিস। এতো কাছাকাছি থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস এই ৫টি দোকানকে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে পারেনি, বিষয়টি দুঃখজনক। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যাপ্ত পানি না থাকায় তাঁরা বিপত্তিতে পড়েন। পরে সুরমা নদী থেকে পানি আনতেও বিলম্ব ঘটে। এতে আগুনের বিস্তার বেড়েছে। ফায়ার স্টেশনের এতো নিকটবর্তী জায়গায় অগ্নিকাণ্ড নির্বাপণ করতে না পারা নিঃসন্দেহে একটি বড় ব্যর্থতা। এ থেকে প্রমাণ হয় ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড ঝঁুকি মোকাবিলায় সদা—সর্বদা পূর্ণ সক্ষমতা নিয়ে প্রস্তুত থাকে না। এর আগেও ফায়ার সার্ভিসের এমন দুর্বলতা দেখা গেছে। কয়েক মাস আগে যখন শহরের আলফাত উদ্দিন স্কয়ার সংলগ্ন একটি মার্কেটে আগুন লাগে তখনও ফায়ার সার্ভিসের এই দুর্বলতা ধরা পড়েছিলো। ফায়ার সার্ভিসের পানি ছিটানোর পাইপগুলো ছিদ্রযুক্ত ছিলো বলে তখন অনেকেই অভিযোগ করেছিলেন। ফায়ারস্টেশন একটি জরুরি সেবা প্রতিষ্ঠান। যেকোনো ঝঁুকি মোকাবিলায় তাঁদের ২৪ ঘণ্টা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে হয়। কখন কোথায় আগুন লাগবে তার কোনো পূর্বাভাস থাকে না। সুতরাং যখনই দুর্ঘটনা, তখনই ফায়ার সার্ভিসের সক্ষমতা দেখানোর প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারি এই সেবা প্রতিষ্ঠানটি সুনামগঞ্জে এই সক্ষমতা দেখাতে ব্যর্থ হচ্ছে। এ থেকে ভবিষ্যতের জন্য তাঁদের শিক্ষা নিতে হবে এবং প্রস্তুতির যাবতীয় ঘাটতি ও শৈথিল্য থেকে মুক্ত হতে হবে।
ষোলঘর পয়েন্টের অগ্নিকাণ্ডের জন্য বিদ্যুতের শর্ট সার্কিটকে প্রাথমিকভাবে দায়ী করেছে ফায়ার সার্ভিস। বৈদুত্যিক সংযোগের ওয়্যারিং ও ব্যবহৃত সরঞ্জামাদি পুরনো, নিম্নমানের ও দুর্বল হলে শর্ট সার্কিট ঘটার পরিস্থিতি তৈরি হয়। শহরের বহু দোকান ও বাসাবাড়িতে এমন দুর্বল বৈদ্যুতিক লাইন আছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ এই বিষয়টি কোনো সময় তদারকি করে বলে মনে হয় না। শহরের অতিসাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোর পিছনে অভ্যন্তরীণ দুর্বল ও ঝঁুকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইনের দায়কে এড়ানোর উপায় নেই। সুতরাং অগ্নিকাণ্ড থেকে বাঁচতে নিয়মিত বিদ্যুৎ লাইন তদারকি আবশ্যক বলে আমরা মনে করি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ বিষয়ে দ্রুত তদারকি শুরু করে ঝঁুকিপূর্ণ বিদ্যুতের লাইনগুলোকে ঝঁুকিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করলে অগ্নিকাণ্ডের ঝঁুকি কমে আসবে। এ বিষয়ে বিদ্যুৎ ব্যবহারকারীগণের সচেতনতা সবচাইতে জরুরি। কারণ অগ্নিকাণ্ডে তাঁরাই ক্ষতিগ্রস্ত হন, সম্পদ ও স্থাপনা বিনষ্ট হয়। কিছু অর্থ বাঁচানোর জন্য সমূহ দুর্ঘটনাকে আমন্ত্রণ জানানো বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। তাই বিদ্যুৎ ব্যবহারকারীগণকে দ্রুত তাঁদের বিদ্যুতের লাইন পরীক্ষা ও ত্রুটি সারানোর উদ্যোগ নিতে হবে। ষোলঘরের অগ্নিকাণ্ডটি আরও বিস্তৃত হতে পারতো। যে এলাকায় আগুন লেগেছিলো সেখানে পাশাপাশি বহু দোকান ও বাসাবাড়ির অবস্থান। এই অগ্নিকাণ্ড যে আরও বড় ক্ষতি করতে পারেনি এই ভাগ্য।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা কামনা করেছেন। জীবিকা হারানো এ—সব ব্যবসায়ীদের এই দাবি মানবিক কারণে বিবেচনাযোগ্য। এ ক্ষেত্রে প্রকৃত ক্ষতি নিরূপণপূর্বক ন্যূনতম সহায়তা প্রদানের জন্য আমরা জেলা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করি। নতুবা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারানোর ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন না। এইসব ব্যবসায়ীর যদি কোনো প্রাতিষ্ঠানিক ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণের সুদ মওকুফসহ ঋণ পরিশোধের মেয়াদ পুনঃতফসিল করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। এর বাইরে তাঁদের ব্যবসা পুনর্গঠনের জন্য নতুন ঋণ সুবিধারও প্রয়োজন হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইলো।
সম্পাদকীয় থেকে আরো পড়ুন