১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৭

সংগৃহীত ছবি

ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা। দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে ২০২৭ সালের জন্য মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করেছে ইতালি সরকার। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

 

 

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।

 

 

আবেদন করবেন যেভাবে

 

ইতালিতে কাজের জন্য আগ্রহী প্রার্থীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ‘ফ্লো ডিক্রি’র আওতায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন করা হয়। এ ক্ষেত্রে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হয়।

 


ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদনসংক্রান্ত তথ্য পূরণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে।

 

 

তবে এ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তাকে বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে আবেদন করতে হবে। চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামা, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য দিয়ে নিয়োগকর্তা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

 

 

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

 

ইতালিতে কর্মী নিয়োগের পাশাপাশি বিদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ প্রকল্পও নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

 

 

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

 

 

নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ

 

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় এ প্রশিক্ষণ প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে। এগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার ওপর নির্ভরশীল।

 

 

প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান তাদের কর্মী চাহিদা নির্ধারণ করবে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

 

মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার পরামর্শ

 

ইতালিতে কাজের সুযোগকে কেন্দ্র করে প্রতারক চক্রের তৎপরতা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভিসা নিশ্চিত করা বা নিয়োগের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা এড়িয়ে চলতে হবে।

 

 

আগ্রহীদের আবেদনসংক্রান্ত তথ্যের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে, নির্ধারিত কোটা থাকলেই সরাসরি ভিসা পাওয়া যাবে না; বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া বাধ্যতামূলক।

সূত্র:কালবেলা .কম
 এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার