রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭

আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমে নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

একইসঙ্গে বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

এছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন।

এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র:বাসস.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার