চিরচেনা কৃষি ক্যালেন্ডার অচেনা

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২২:২১

প্রকৃতির রূঢ় আচরণে বদলে যাচ্ছে সুনামগঞ্জের হাওরের চিরচেনা কৃষি ক্যালেন্ডার। আগাম পানি শুকিয়ে যাওয়ায় ফেটে চৌচির হাওরের একরের পর একর ফসলি জমি। চারা রোপণের আরও মাস দেড়েক বাকি থাকলেও তার আগেই বীজতলা তৈরির জন্য হাওরে পানির হাহাকার। অন্যদিকে, ধান ঘরে তোলার মৌসুমে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে সোনালী ফসল। জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবে দিশেহারা জেলার লাখো কৃষক।

 

 

 


কার্তিকের শেষ আর অগ্রহায়ণ জুড়ে সুনামগঞ্জের হাওরগুলোতে বোরো ধানের বীজতলা তৈরির কর্মযজ্ঞ চলার কথা থাকলেও, এবার চিত্রটা পুরোপুরি উল্টো। নির্ধারিত সময়ের আগেই হাওরের পানি শুকিয়ে যাওয়ায় ফেটে চৌচির জেলার ছোট—বড় সব হাওরের ফসলি জমি। একদিকে সময়ের আগে পানি শুকিয়ে যাওয়া, অন্যদিকে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে আগাম ফসল তলিয়ে যাওয়ার দ্বিমুখী সংকটে পড়েছে এখানকার কৃষি। চলতি মৌসুমে সময়মতো সেচ বা বৃষ্টির পানি না পাওয়ায় বীজতলা তৈরি নিয়ে চরম অনিশ্চয়তায় হাওরের লাখো কৃষক। 
শনির হাওরের পূর্ব পাড়ের চাষী গোলাম মোস্তফা বলেন, হাওরে আরও অন্তত একমাস পানি থাকার কথা। এই পানি দিয়ে আমরা বীজতলা তৈরি করবো তারপর চারা রোপণ করে ফসল ফলাব। এবার এক মাস আগেই পানি শুকিয়ে গেছে তাই ধান চাষ নিয়ে বিপাকে আছি। গতবছরও অধিক খরচে ফসল ফলিয়ে ধান ঘরে তুলতে পারিনি। এরকম হতে থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অনাহারে মরতে হবে। 

 


আব্দুল হক বলেন, শাওন (শ্রাবণ) মাস থেকে হাওরে পানি নাই। পানির অভাবে অগ্রহায়ণি (আমন) ধান জ্বলে গেছে। এখন বোরোর মৌসুম আসছে, এখন বীজতলায় দেয়ার মতো পানি পাইতেছি না। ক্ষেত করার পুরো সময় বাকি পরে আছে তার আগেই পানি শূন্য হাওর। লামার দিকে পানিও নেই, উপরের জমি ফেটে চৌচির। কৃষি বিভাগ থেকে এই সংকট কাটানোর কোন পরামর্শ পান নি বলে তিনি জানান। 

 

 

 

 


শনির হাওরের নিয়ামতপুর থেকে আনোয়ারপুর পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, আশপাশের খাল—বিল আর ডুবা—নালাগুলোর পানিও ফুরিয়ে গেছে অনেক আগেই। বাধ্য হয়ে অনেক দূর থেকে শ্যালো মেশিনের সাহায্যে জমিতে পানি এনে বীজতলা তৈরির চেষ্টা করছেন কিছু কৃষকরা। কেউ কেউ কয়েকশ’ মিটার দূরের নদী বা শাখা নদী থেকে পানি এনে সেচ দিচ্ছেন। কিন্তু বর্তমান উর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজারে এই অতিরিক্ত সেচ খরচ কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেয়ার প্রতি ৫—৭শ’ টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানান তারা। 
শান্তিপুরের কৃষক সায়েক মিয়া পাশের নালা দেখিয়ে বলেন, অন্যান্য বছর হেমৎ (দোনি/ডোঙ্গা) দিয়ে পানি তুলে জমিতে দিয়েছি এখান থেকে। এবছর নালা হয়ে গেছে শুকনো জমি। এরকম জীবনের প্রথমবার দেখেছি। বাধ্য হয়ে নদী থেকে পানি এনে জমিতে দিয়ে বীজতলা করছি। কেয়ার প্রতি ৫—৭শত টাকা অতিরিক্ত খরচ হবে শুধু এই পানির জন্য। 
নুরুজ্জামান বলেন, হাওরে পানি নেই, অন্যদিকে তেলের দাম আকাশছোঁয়া। তেল জ্বালিয়ে পানি দিয়ে ফসল ফলালে খরচের অর্ধেকও ধানের দাম পাওয়া যায় না। পতিত জমি ফেলে রাখা যায় না, তাই বাধ্য হয়ে লসে জমি করতেছি। স্কিমের পাম্পের চার্জ দিতে হবে কেয়ার প্রতি এক মণ। 

 


পাউবোর তথ্যমতে, সেপ্টেম্বর, অক্টোবর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়েছে হাওর। গত দুই মাসে গড় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার, যা বিগত বছরের তুলনায় ২০ মিলিমিটার কম। পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে প্রচলিত কৃষি পদ্ধতি পরিবর্তনের চিন্তা সংশ্লিষ্টদের। তবে তার জন্য প্রয়োজন আধুনিক কৃষির বিশেষ প্রশিক্ষণ ও গবেষণা। সুনামগঞ্জে কৃষকদের জন্য ৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম থাকলেও এমন সংকট মোকাবেলায় নেই কোন উদ্যোগ বা গবেষণা। 

 

 

 


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক বলেন, প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর বিরুদ্ধে গিয়ে কিছু করা যাবে না। তাই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে প্রচলিত কৃষি পদ্ধতি পরিবর্তন করতে হবে। যেমন হাওরে বীজতলা তৈরির জন্য কৃষকরা উঁচু জায়গা তৈরি করেন। এবার যেহেতু পানি নেই তাই নীচের দিকে নেমে কিংবা জলাধারের পাশে বীজতলা তৈরি করতে হবে। দেশের অন্যান্য অঞ্চল যেখানে পানির অভাব সেখানে ড্রাই সীড বেড বা শুষ্ক বীজতলার মাধ্যমে কম পানিতে বীজ বোনা হয়। এই পদ্ধতি সুনামগঞ্জে কাজে আসবে কি না জানতে চাইলে তিনি বলেন,  সুনামগঞ্জের কৃষকরা আধুনিক পদ্ধতির সাথে অভ্যস্ত নয়। তাই তাদের চাষাবাদ পদ্ধতি পরিবর্তন করতে হলে বিশেষ কর্মসূচি হাতে নিয়ে প্রশিক্ষণ দিতে হবে। 

 


এমন সংকট মোকাবেলায় কোন গবেষণা বা পদ্ধতি আছে কি না জানতে যোগাযোগ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক সহকারী মো. রনির সাথে। তিনি উর্ধ্বতন কর্মকর্তা  প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো রেজোয়ান ভুঁইয়ার সাথে যোগাযোগের পরামর্শ দেন। প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসারের সাথে যোগাযোগ করলে তিনিও তার  উর্ধতন কর্মকর্তা যিনি এই বিষয়ে অভিজ্ঞ উনার সাথে যোগাযোগের পরামর্শ দেন।

 


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বৃষ্টিপাত না হওয়া ও মাছের জন্য বাঁধ কেটে দেয়ায় হাওরে পানি শূন্যতা দেখা দিয়েছে। যদি এমন পরিস্থিতি অব্যাহত থাকে তবে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ঝুঁকি আছে। আমি ইতোমধ্যে জেলা সমন্বয় সভায় বিষয়টি জানিয়েছি এবং বলেছি যে সমস্ত বাঁধ একটু সংরক্ষণ করলেই পানি আটকে থাকবে সেগুলো সংরক্ষণ করতে হবে। যারা মাছ ধরেন তাদের অনুরোধ করবো যেন শুকিয়ে মাছ না ধরেন। আশার খবর হচ্ছে সামনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি হয়ে যায় তাহলে এই সংকট কিছুটা কাটবে। 

 


এমন পরিস্থিতিতে কৃষকের করণীয় কি জানতে চাইলে তিনি বলেন, কৃষকদের পরামর্শ দিচ্ছি, যেখানে পানির উৎস আছে সেখানেই যেন বীজতলা তৈরি করেন। শুষ্ক বীজতলা সুনামগঞ্জে প্রয়োগ করা যাবে কি না জানতে চাইলে জানান, এই পদ্ধতির সাথে সুনামগঞ্জের কৃষকরা পরিচিত না। এই পদ্ধতি প্রয়োগ করতে হলে আগে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার