‘তোমার লগে দেখা ওইবো স্বাধীন দেশো’

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২২:১৮

‘তোমার লগে দেখা ওইবো স্বাধীন দেশো। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আর দেখা ওইতো না।’ যুদ্ধের ময়দানে মাকে দেওয়া বিদায়ী কথাগুলো আর রাখা হয়নি জগৎজ্যোতির। ১৯৭১ সালের ১৬ নভেম্বর—দেশ স্বাধীন হওয়ার ঠিক এক মাস আগে নিজের বাড়ির খুব কাছে ‘খইয়া গোপী’ বিলে শত্রুর বুলেটে জীবনাবসান হয় বীর এই তরুণের। মাত্র ২২ বছর বয়সে অমরত্ব বরণ করা জগৎজ্যোতি দাস মানেই যেন পৃথিবীর আলো। আর তাই সবার জন্য আলো জ্বেলে দেওয়ার দায় নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন হবিগঞ্জের জলসুখা গ্রামের এ খ্যাপা তরুণ। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উত্তর—পূর্ব রণাঙ্গণে তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের ভরসার কেন্দ্রস্থল।

 


১৯৪৯ সালের ২৬ এপ্রিল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জীতেন্দ্র চন্দ্র দাস ও হরিমতি দাসের কনিষ্ঠ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন জগৎজ্যোতি দাস। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্কুলজীবনেই তিনি আইয়ুববিরোধী আন্দোলনে অংশ নেন। আজমিরীগঞ্জ ‘এমালগেমেটেড বীরচরণ হাইস্কুল’ (এএবিসি) থেকে ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগে মেট্রিক পাস করার পর সুনামগঞ্জ কলেজে ভর্তি হয়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন। এ সময় তিনি তেজোদীপ্ত, বিপ্লবী ও স্পষ্টভাষী ছাত্রনেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন।
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জগৎজ্যোতি ভারতের মেঘালয় রাজ্যের ইকো ১ ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং হবিগঞ্জের হাওরাঞ্চল নিয়ে গঠিত টেকেরঘাট সাব—সেক্টরের দায়িত্বপ্রাপ্ত সুরঞ্জিত সেনগুপ্তের অধীনে তিনি বিভিন্ন আক্রমণে অংশ নেন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে প্রশিক্ষিত ও চৌকস যোদ্ধাদের নিয়ে গঠিত হয় অকুতোভয় গেরিলা দল—‘দাস পার্টি’।

 


ইংরেজি, হিন্দি ও গৌহাটির আঞ্চলিক ভাষায় পারদর্শী থাকায় ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে তাঁর যোগাযোগ সহজতর হয়। এর ফলে দাস পার্টির জন্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা সহজ হয়েছিল। ১৯৭১ সালের ১৬ অক্টোবর পাকবাহিনীর বার্জে আক্রমণ চালিয়ে সেটি নিমজ্জিত করে দাস পার্টি। এর মাধ্যমে পাকিস্তানি শত্রুঘাঁটি ধ্বংসের সূচনা হয়। পাহাড়পুর অপারেশন, বানিয়াচংয়ে কার্গো বিধ্বস্ত করা এবং বানিয়াচং থানা অপারেশন সফলভাবে সম্পন্ন করে দাস পার্টি। দিরাই—শাল্লায় অভিযান চালিয়ে কোনো গুলি খরচ না করেই নিরাপদে আটক করেন এলাকায় খুন, ধর্ষণ ও লুটপাটে বেপরোয়া ১০ জন রাজাকারের দলকে। রানীগঞ্জ ও কাদিরীগঞ্জেও রাজাকারদের আটক করেন তিনি।

 


ভাটির জনপদে পাক হানাদার ও রাজাকারদের কাছে ‘দাস পার্টি’ ছিল মূর্তিমান আতঙ্ক। দিরাই, শাল্লা, ছাতক, আজমিরীগঞ্জ, বানিয়াচং, জামালগঞ্জ, তাহিরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার নৌপথ পাকমুক্ত রাখতে অসামান্য ভূমিকা রাখেন তিনি। দাস পার্টির মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান সরকার রেডিওতে ঘোষণা দিতে বাধ্য হয়েছিল—‘এই রুট দিয়ে চলাচলকারী ব্যক্তিদের জানমালের দায়িত্ব সরকার নেবে না।’

 


হবিগঞ্জের বদলপুর অপারেশনে জগৎজ্যোতির সঙ্গে অংশ নেন বানিয়াচং, আজমিরীগঞ্জ ও দিরাইয়ের একদল বীর যোদ্ধা। পাক ক্যাম্প থেকে মাত্র ২০০ গজ দূরে শত্রুর আক্রমণে দাস পার্টি ছত্রভঙ্গ হয়ে পড়লে, রণাঙ্গনের ভয়াবহতা বিবেচনা করে জ্যোতি নিজের দলকে পিছু হটার নির্দেশ দেন। এরপর মাত্র দুজনকে—নিজেকে এবং ইলিয়াসকে নিয়ে তিনি একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যুদ্ধের একপর্যায়ে ইলিয়াস পাঁজরে গুলিবিদ্ধ হলে জ্যোতি নিজের মাথার লাল পাগড়ি খুলে তাঁর ক্ষতস্থান শক্ত করে বেঁধে দেন। ইলিয়াস সেই অবস্থাতেই মেশিনগান দিয়ে গুলি চালাতে থাকেন। একপর্যায়ে জগৎজ্যোতি নিজেও গুলিবিদ্ধ হন এবং মেশিনগান হাতে উপুড় হয়ে পাশের বিলের পানিতে নিশ্চল হয়ে ঢলে পড়েন। মৃত্যুর আগে তাঁর শেষ উচ্চারণ ছিল—‘আমি যাই¹া রে’। পরবর্তীতে রাজাকাররা তাঁর মৃতদেহ আজমিরীগঞ্জ বাজারে নিয়ে একটি খুঁটির সঙ্গে ঝুলিয়ে পেরেক মেরে অমানুষিক নির্যাতন চালায় এবং একপর্যায়ে ভেড়ামোহনা নদীর জলে ভাসিয়ে দেয়।

 


জগৎজ্যোতির আত্মত্যাগের সংবাদ সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। তাঁর অসীম সাহসিকতার প্রতি সম্মান জানিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব প্রদানের ঘোষণা দিলেও পরবর্তীতে ১৯৭২ সালে তাঁকে ‘বীর বিক্রম’ খেতাব প্রদান করা হয়।
বীরপ্রতীক খেতাব বর্জনকারী মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের সাব—কমান্ডার প্রয়াত মাহবুবুর রব সাদী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি নিজে অন্তত তিনজনকে জানি যাদের বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া উচিত ছিল। এদের একজন জগৎজ্যোতি। মুক্তিযুদ্ধে অসীম সাহসী বীরত্ব প্রদর্শন করেও যারা যথাযথ মূল্যায়ন ও খেতাব পাননি তাদের আত্মার প্রতি সম্মান দেখাতেই আমি খেতাব ও সম্মান বর্জন করেছি।’

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার