সুনামগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল ভবনে নয়, সেবায় সার্থকতা

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৪১

জেলা শহরের আলীপাড়ায় নির্মিত ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতালের ভবন নির্মাণের পরও সেবা কার্যক্রম শুরু না হওয়ার খবরটি নিঃসন্দেহে দুঃখজনক। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, আলীপাড়ার জনৈক সমাজসেবীর দান করা ভূমিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এলজিইডি এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করে ২০২৫ সনে। যথারীতি ভবনের দায়িত্ব বুঝে নেয় সুনামগঞ্জ ডায়াবেটিক সমিতি। ভবন বুঝে নিলেও এখানে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করতে পারেনি সমিতি। এই হাসপাতাল নির্মিত হলে কেবল সুনামগঞ্জ নয় বরং বৃহৎ হাওরাঞ্চলের ডায়াবেটিস রোগীরা বিশেষায়িত সেবা পাবেন, এমন মহৎ উদ্দেশ্য থেকেই এই ভবন নির্মাণ করা হয়। কিন্তু উদ্দেশ্য পূরণের অন্যতম ধাপ— ভবন নির্মাণে অগ্রগতি হলেও মূল উদ্দেশ্য— বিশেষায়িত চিকিৎসাসেবা শুরু করার জায়গায় সফলতা না দেখানোর ফলে সরকারি এই বিশাল অর্থ ব্যয় মূলত কোনো ফলোদয় ঘটাচ্ছে না। সুনামগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ২০২৮ সনের জানুয়ারি থেকে চিকিৎসাসেবা শুরুর আশাবাদের কথা শুনিয়েছেন সুনামগঞ্জের খবরকে। জানুয়ারি মাস শুরু হতে আর দুই মাসও সময় নেই। সংবাদে বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতি থেকে জানা যায়, হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ও জনবল এখনও দেয়া হয়নি। ফলে সাধারণ সম্পাদকের প্রতিশ্রম্নতি অনুসারে জানুয়ারি মাস থেকে সেবা শুরুর বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। আমাদের দেশে সরকারি প্রকল্প বাস্তবায়নের এ এক মহাব্যাধি। অবকাঠামো নির্মাণ ও সরঞ্জাম ক্রয়ে উৎসাহ যত বেশি তার ছিটেফোঁটা থাকে না জনবল নিয়োগসহ মূল সেবা শুরু করার জায়গায়। কেবল এই ডায়াবেটিস হাসপাতাল নয়, আরও বহু প্রকল্পের বিষয়েও এই কথা প্রযোজ্য। সরকারি প্রকল্প বাস্তবায়নের এই দীনতা থেকে কবে আমরা মুক্তি পাব জানা নেই। 

 

 


বর্তমানে ডায়াবেটিস একটি সর্ববিস্তৃত ব্যাধি। ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশে^ সপ্তম। দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এটি দেশের জনসংখ্যার প্রায় আট শতাংশ। সবচাইতে আশঙ্কার কথা হলো— এই সংখ্যাটি ডায়াবেটিস রোগী হিসাবে চিহ্নিত ব্যক্তি। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার চারিত্রিক কারণে বেশির ভাগ রোগী জানেই না তাঁর ডায়াবেটিস আছে কি—না। অন্য কোনো রোগের কারণে চিকিৎসকদের কাছে আসলে রোগ নির্ণয়ের পর তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। প্রাথমিক ভাবে আক্রান্ত ব্যক্তি কোনো লক্ষণ টের পান না বলে রোগটি ধীরে ধীরে শরীরের ভিতর শক্তিশালী ও জটিল হতে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের আরও বহুবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। কিডনি বৈকল্য, বোধশক্তি লোপ পাওয়া, রক্ত চলাচল কমে যাওয়া, ক্ষত না শুকানোসহ রক্তে শর্করার পরিমাণ বেড়ে মৃত্যুর ঝঁুকি তৈরি করে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির নিয়মিত চিকিৎসা ও চিকিৎসকের সাহচর্যে থাকতে হয়। ডায়াবেটিস চিরতরে নির্মূলের কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি। ফলে রোগীকে আজীবন ওষুধের উপর নির্ভরশীল থাকতে হয়। আমাদের দেশের অধিকাংশ নাগরিকের এই চিকিৎসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই। সরকারি চিকিৎসাসেবা কেন্দ্র থেকেও পাওয়া যায় না পর্যাপ্ত সহযোগিতা। তাই ডায়াবেটিসে আক্রান্তদের বড় অংশকেই বিনা চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হয়ে দুর্বিসহ জীবন কাটাতে হয়। এইসব প্রান্তিক ডায়াবেটিস রোগীদের কল্যাণের কথা চিন্তা করেই ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করা হয়েছিলো। কিন্তু সমিতিটি এই জায়গায় কেমন জনহিতকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে তা আজ বিরাট প্রশ্ন। 

 

 


আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশন ২০৩০ সনের মধ্যে পাঁচটি লক্ষ্যমাত্রা অর্জনের সিদ্ধান্ত নিয়েছিলো। এগুলো হলো— ৮০ শতাংশ রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, তাঁদের রক্তের শর্করা ও রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, ৬০ শতাংশ রোগীর স্টাটিন (রক্তে চর্বি কমানোর ওষুধ) পাওয়া নিশ্চিত করা এবং টাইপ—১ রোগীর ১০০ শতাংশকে ইনস্যুলিন নিশ্চিত করা। বাংলাদেশে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে এই লক্ষ্যমাত্রার বিষয়ে কতদূর অগ্রগতি হয়েছে তা জানা যায় না। তবে লক্ষ্যমাত্রার তুলনায় অর্জন যে ধারে কাছেও নেই তা অনুমান করা যায়। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ, এই রোগের বিষয়ে সচেতনতা তৈরি, প্রশিক্ষণ ও গবেষণার জন্য ১৯৫৬ সনে ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম। সুনামগঞ্জের কয়েক দশক আগে এই সমিতির শাখা কাজ শুরু করে। বাস্তবে সমিতি থেকে কতোজন রোগী উপকৃত হচ্ছেন তার নিশ্চিত পরিসংখ্যান নেই। কিন্তু স্থানীয় অভিজ্ঞতা থেকে এখানে খুশি হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যাবে বলে মনে হয় না। আমরা সুনামগঞ্জের ডায়াবেটিক সমিতির সক্ষমতা ও গতিশীলতা বাড়ানো এবং  অনতিবিলম্বে নবনির্মিত ভবনে বিশেষায়িত ও সাধারণ চিকিৎসা কার্যক্রম শুরুর প্রত্যাশা করি।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার