হাছন রাজার জন্মস্থান ‘সিলেট’-এর পরিবর্তে ‘সুনামগঞ্জ’ করতে এনসিটিবিতে আবেদন

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৯:২৮

৬ষ্ঠ শ্রেণির ইংরেজি বই

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ের ‘হাছন রাজা’ অধ্যায়ে মরমি কবির জন্মস্থান সংক্রান্ত তথ্য পরিমার্জনের দাবি জানিয়েছে ‘হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সুনামগঞ্জ’। সোমবার (১৬ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক ওবায়দুল মুন্সী স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক আবেদনপত্র এনসিটিবি চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে।  

 


সংগঠনের পক্ষ থেকে প্রেরণ করা আবেদনে জানানো হয়, পাঠ্যবইটিতে হাছন রাজার জীবনদর্শন ও লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরা একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও, পাঠটিতে লেখা হয়েছে—“Hason Raja was born in 1854, into a wealthy landlord family in Sylhet”। বর্তমান প্রশাসনিক বাস্তবতার নিরিখে এই অসম্পূর্ণ তথ্য শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।   

 


প্রকৃত ইতিহাস তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, মরমি কবি হাছন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর তৎকালীন বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ মহকুমার লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে সুনামগঞ্জ একটি স্বতন্ত্র জেলা এবং তেঘরিয়া এলাকাটি সুনামগঞ্জ পৌরসভার অন্তর্গত। বইটিতে ‘তৎকালীন সিলেট’ কিংবা ‘বর্তমান সুনামগঞ্জ’ উল্লেখ না থাকায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা হাছন রাজার প্রকৃত জন্মস্থান সুনামগঞ্জ সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। এতে ‘হাছন রাজার দেশ’ হিসেবে পরিচিত সুনামগঞ্জের অন্যতম প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় আড়াল হয়ে যাচ্ছে। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের সংস্করণে বাক্যটি সংশোধন করে ‘Hason Raja was born in 1854, into a wealthy landlord family at Tegharia in Sunamganj (then Sylhet)’ এভাবে যুক্ত করার জন্য এনসিটিবি কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার