পিডিবির খুঁটি স্থাপনে পল্লী বিদ্যুতের বাধা, বন্ধ কাজ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২৩:০২

সুনামগঞ্জ শহরের জনগুরুত্বপূর্ণ প্রকল্প ফোরলেন সড়ক নির্মাণের কাজে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। সোমবার সকালে ওয়েজখালি এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির ফটকের সামনে ৩৩ কেভি লাইনের খুঁটি স্থাপন করার সময় এজিএম (প্রশাসন) তাপস কুমারের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা পিডিবির নিয়োগকৃত ঠিকাদারের লোকজনকে কাজে বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাদের উপর চড়াও হন। ভিডিও করতে গেলেও দেয়া হয় বাধা। খবর পেয়ে পিডিবির কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের সাথেও পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা খারাপ আচরণ করার অভিযোগ করেন। পল্লী বিদ্যুতের দাবি ৩৩ কেভি লাইন ফটকের সামনে স্থাপন করলে তাদের বিভিন্ন কাজে সমস্যা হবে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। সড়কের একপাশ পল্লী বিদ্যুতের অন্যপাশ পিডিবির দাবি পল্লী বিদ্যুতের জিএমের। 

 


সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পল্লী বিদ্যুতের ফটক থেকে কয়েকফুট দূরে দুইটি খুঁটির গর্ত অর্ধেক খুঁড়ে রাখা আছে। উত্তর পাশে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আনসার ব্যাটালিয়ন কার্যালয়ের ফটকের সামনেও একই দূরত্বে খুঁটি স্থাপন করা হয়েছে। তবে পল্লী বিদ্যূৎ এটাকে বিপজ্জনক মনে করে খুঁটি স্থাপনে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। 

 


ঠিকাদারি প্রতিষ্ঠান হাই এন্ড কং এর ইঞ্জিনিয়ার ওমর ফারুক বলেন, আমার শ্রমিকরা কাজ করছিল এমন সময় এসে কাজ বন্ধের নির্দেশ দেন পল্লী বিদ্যুতের এজিএম তাপস কুমার। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। এসময় আমাদের না বলে পিডিবিকে জানান, আমার কতৃর্পক্ষ পিডিবি। তারা নির্দেশ দিলে কাজ বন্ধ করে দিবো এমন কথা জানালে ২০—৩০ জন কর্মকর্তা কর্মচারী মিলে মারমুখী আচরণ শুরু করেন। গায়ের জোরে শুধু গায়ে হাত তোলা বাকি রাখছে তারা। পরে আমি কাজ বন্ধ করে আসছি। আমার শ্রমিকদের বিনা কাজে পারিশ্রমিক দিতে হচ্ছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি পিডিবিকে চিঠি দিয়ে জানিয়েছি। 

 


পিডিবির নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, ফোরলেন সড়ক নির্মাণ হওয়ায় নতুন করে ৩৩ কেভি লাইন নির্মাণ করতে হয়েছে। কোথায় কোন খুঁটি বসবে কিভাবে লাইন আসবে সব ডিজাইন করা। সড়ক বিভাগের শেষ সিমানায় খুঁটি বসানো হচ্ছে। যেন পরবর্তীতে কোন কাজ হলে আবার নতুন লাইন স্থাপন করতে না হয়। তাও তাদের ফটক থেকে কয়েকফুট দূরত্ব বজায় রাখা হয়েছে। ৩৩ কেভি লাইনের ডিজাইন চাইলেই বদলানো যায় না। উনারা টেকনিক্যাল মানুষ এটা ভালোভাবেই জানেন। এরপরও যদি কাজে কোন আপত্তি থাকে তারা আমাকে চিঠি দিয়ে জানাতে পারে অথবা আমাকে ফোন দিয়েও জানাতে পারে। কিন্তু এখন পর্যন্ত তারা আমাকে এ বিষয়ে ফোন বা চিঠি দিয়ে অবগত করেনি। সড়কের জায়গায় একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে আরেক সরকারি কাজে বাধা কিভাবে দেয় আমার বোধগম্য হচ্ছে না। কাজ বন্ধ করে দিলে ভোগান্তিতে পড়বে শহরের জনগণ। আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও সড়ক বিভাগকে জানিয়েছি।  

 


পল্লী বিদ্যুতের এজিএম তাপস কুমার বলেন, আমরা বাধা দেইনি। আপাতত কাজ স্থগিত করার কথা বলেছিলাম। কারণ কেপিআই স্থাপনা থেকে ১২ ফুট দূরত্বে খুঁটি বসানোর নিয়ম আছে। এছাড়া খুঁটি বসালে যে তার উপর দিয়ে যাবে সেটি আমাদের মসজিদের কাছ ঘেঁষে যাবে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। ঠিকাদারের লোকজন আমাদের কথা না শুনে কাজ চলমান রেখেছিল। এসময় একটু উত্তেজিত পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, আলোচনা করে সমাধান হয়ে যাবে।  

 


সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বলেন, আমাদের বড় বড় ট্রান্সফরমার ঢুকবে, ক্রেন ঢুকবে অফিসে। পিডিবির লাইন স্থাপন করলে সমস্যা হবে। এছাড়াও সড়কের একপাশ তাদের অন্যপাশ আমাদের। পশ্চিম পাশে তাদের একটি লাইন থাকা সত্ত্বে¡ও পূর্ব পাশে আরেকটি নতুন লাইন স্থাপন করছে। এতে আমাদের লাইনে সমস্যা হবে। তারা কাজ করার আগে আমাদের জানায়নি। তারা আমাদের সাথে বসবে, ডিজাইন দেখাবে, পরে কাজ করবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার