প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:২৪
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জের ১২টি উপজেলায় শুরু হতে যাচ্ছে ‘সুনামগঞ্জস ট্যালেন্ট অলিম্পিয়াড, সিজন—৩’। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের উদ্যোগে এবং ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’ ও ‘মিডিয়াম মেডিকেল কোচিং সেন্টার’—এর পৃষ্ঠপোষকতায় এই মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অলিম্পিয়াডের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলার যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি বিবেচনায় মোট চারটি ক্যাটাগরি রাখা হয়েছে। প্রাইমারিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, জুনিয়র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, সেকেন্ডারি নবম থেকে দশম শ্রেণি, হায়ার সেকেন্ডারি একাদশ থেকে দ্বাদশ শ্রেণি। এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি পৃথক বিভাগ রাখা হয়েছে। প্রতিটি শ্রেণি ও বিভাগের জন্য আলাদা প্রশ্নপত্র ও স্বতন্ত্র প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, অলিম্পিয়াডের প্রথম আসরে ৫০০—এর বেশি এবং দ্বিতীয় আসরে ৯০০—এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ধারাবাহিক এই সাফল্যের পর তৃতীয় আসরে জেলার প্রত্যন্ত অঞ্চলসহ ৪ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে হাওরাঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবে এবং তাদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন